২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুর স্টেশনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

কমলাপুর রেলওয়ে স্টেশনে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর বিকেল পৌনে চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 09:19 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলাপুর রেলওয়ে স্টেশনে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর বিকেল পৌনে চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ও ঢাকা থেকে ময়মনসিংহগামী ঈশাখা এক্সপ্রেস ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপরারেশন) কাজী আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা রেললাইন থেকে ইঞ্জিন ও বগিগুলো সরিয়ে নিয়েছি এবং রাজশাহীগামী সিল্ক সিটি বিকেল পৌনে চারটায় কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।" তিনি বলেন, "এ দুর্ঘটনায় রেলওয়ের দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।" রেলের অপর অতিরিক্ত মহাপরিচালক টি এ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছয় থেকে সাতজন যাত্রী সামান্য আহত হয়েছেন।" জিআরপি থানার উপ-পরিদর্শক নূর হোসেন জানান, মহানগর প্রভাতী ট্রেনটি স্টেশনে ঢুকছিল এবং ঈশাখা ট্রেনটি পজিশন নিচ্ছিল। এসময়ই দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঈশাখায় বেশি লোক ছিল না। তবে প্রত্যক্ষদর্শীরা উর্দি পরা নিরাপত্তাকর্মীদের রক্তাক্ত অবস্থায় দেখেছেন। এদের মধ্যে দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর একজন মারা গেছে বলে শূনেছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কেআরসি/এফএফ/এইচএ/১৬১১ ঘ.