মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সমস্যা সমাধানে মাধ্যমিক শিক্ষার জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য কেন্দ্রীয় একটি কর্তৃপক্ষ গঠনসহ বেশ কিছু সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় উপ-কমিটি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করার জন্য গঠিত কমিটি এসব সুপারিশ করে প্রতিবেদনটি তৈরি করেছে। গত ৩০ এপ্রিল সাংসদ মো. শাহ আলমকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"স্থায়ী কমিটির আগামী সভায় প্রতিবেদনটি দেওয়া হবে।"
প্রতিবেদনে বলা হয়,"দেশের জনসংখ্যা ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক বিস্তৃতির কারণে বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষে যথাযথ অবদান রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য উক্ত অধিদপ্তরকে পুনর্গঠন করে মাধ্যমিক শিক্ষার জন্য একটি স্বতন্ত্র অধিদপ্তর গঠন করা প্রয়োজন।"
বর্তমানে দেশের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে একসঙ্গে পরিচালিত হচ্ছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের বিধান তুলে দিয়ে কেন্দ্রীয়ভাবে প্রার্থী বাছাই ও নিয়োগের সুপারিশ করার একটি বোর্ড বা কর্তৃপক্ষ গঠন করা উচিত বলেও মনে করে কমিটি।
পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগে নানা ধরনের অনিয়ম ও দলীয়করণের অভিযোগ রয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক মুদ্রণ কাজকে একসঙ্গে না রেখে পৃথক করা যেতে পারে বলেও মনে করে কমিটি।
শিক্ষাবোর্ডগুলোর কর্মচারিদের আন্তঃবোর্ড বদলি ছাড়া বোর্ডের কাজে গতি ও স্বচ্ছতা আনা সম্ভব নয় মন্তব্য করে প্রতিবেদনে সব বোর্ডের কর্মচারিদের ক্ষেত্রে তিন বছরের মধ্যে আন্তঃবোর্ড বদলির ব্যবস্থা করে একটি নীতি প্রণয়ন করা প্রয়োজন বলে মত দেওয়া হয়।
সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকদেরও অনধিক তিন বছরের মধ্যে বদলির ব্যবস্থা করা প্রয়োজন বলে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে ঢাকা মহানগরীর এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি কর্মস্থল পরিবর্তন বলে বিবেচিত হবে না।
রাজধানীতে বদলির হওয়ার জন্য নানা ধরনের অনিয়ম, দলীয়করণ ও আর্থিক লেনদেন হয়ে থাকে বলে অভিযোগ আছে। এতে প্রভাবশালীরা ঢাকায় আসতে পারলেও সাধারণ শিক্ষকদের পক্ষে তা প্রায় অসম্ভব।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দু ধর্মের শিক্ষকের পদ নেই। কমিটি মনে করে এ পদ সৃষ্টি করা আবশ্যক এবং আবশ্যক ক্ষেত্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যেও অনুরূপ শিক্ষক পদ সৃষ্টি করা প্রয়োজন।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলায় অন্ততঃ একটি করে সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন বলে সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে মাদ্রাসায় জাতীয় দিবসগুলো উদযাপিত হয় না সেসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তি বাতিল এবং প্রয়োজনে একাডেমিক স্বীকৃতি বাতিল করা দরকার বলে মনে করে কমিটি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষাবোর্ড, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং শিক্ষা তথ্য ও পরিসখ্যান ব্যুরোতে (ব্যানবেইজ) বিদ্যমান 'অনিয়ম' প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।
স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ব্যবস্থা চালুর পরামর্শসহ শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে আরও কিছু সুপারিশ করা হয়েছে এতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২৩৩৩ঘ.
bdnews24