২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসের ক্ষতি এড়াতে পরিকল্পনা

আসন্ন বর্ষা মৌসুমে চট্টগ্রামে ভূমি ও পাহাড় ধসে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে 'শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি'র সভায় আলোচনা শেষে কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এম এন ছিদ্দিক এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন বর্ষা মৌসুমে চট্টগ্রামে ভূমি ও পাহাড় ধসে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে 'শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি'র সভায় আলোচনা শেষে কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এম এন ছিদ্দিক এ তথ্য জানান। তিনি জানান, মহানগরীতে ঝূঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২০ টি পাহাড়ে দুর্যোগ-পরবর্তী কাজের মহড়া দেওয়া এবং বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের পরিমাণ ৮০ মিলিমিটার ছাড়িয়ে গেলে পাহাড়ে স্থাপিত ঝুঁকিপূর্ণ বসতি সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ব্যাপারে সভায় সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের জন্য পৃথক পুনর্বাসন প্রকল্প গ্রহণের বিষয়ে সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও বিভাগীয় কমিশনার জানান। এম এন ছিদ্দিকের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা, রেলওয়ে, চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সভাপতি বলেন, "রেলওয়ে ছাড়া সরকারি মালিকানাধীন বিভিন্ন পাহাড় থেকে ঝূঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।" পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিয়ে এর ব্যবস্থাপনায় অধিক মনোযোগী হতে সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়ার কথাও জানান তিনি। ২০০৭ সালের ভয়াবহ পাহাড় ধসের পর শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। তখন কমিটির বিভিন্ন সুপারিশে যার যার নিয়ন্ত্রণে পাহাড় তাকে ব্যবস্থাপনার দায়িত্ব নিতে বলা হয়েছিল। দীর্ঘমেয়াদে 'ল্যান্ডস্লাইড রিস্ক অ্যাসেসমেন্ট ইন চিটাগং মেট্রোপলিটন এরিয়া' নামের আরেকটি কমিটি নতুন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত পাহাড়ের মাটির গুণগত মান পরীক্ষা এবং সংশ্লিষ্ট পাহাড় সুরক্ষায় আলাদা সুপারিশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান বিভাগীয় কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এএল/এসকে/২১০৭ঘ.