যশোর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরের ষষ্টিতলাপাড়ায় রোববার সকালে স্থানীয় এক ছাত্রলীগ কর্মী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। ছাত্রলীগ কর্মী শিশির ঘোষ (১৮) ওই এলাকার নিত্যপদ ঘোষের ছেলে।
তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে তার বুক ও হাতে অস্ত্রোপচার করা হয়।
শিশিরের বাবা নিত্যপদ ঘোষ সাংবাদিকদের বলেন, "এলাকার একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিশিরকে হত্যার চেষ্টা চালিয়েছে।"
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
এলাকাবাসীর বরত দিয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক অপুর্ব হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাসার সামনে দাঁড়িয়ে শিশির মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় মিঠু, মফিজ ও মিজান নামের এলাকার কয়েকজন সন্ত্রাসী তাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।
এখন পর্যন্ত মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক হাসান আল মামুন জানান, শিশিরের অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24