কুড়িগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিলের দখল নিয়ে বিরোধের জেরে শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ছয়টি বাড়ি।
আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের নাম জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বকরু (৭০), ইদ্রিস (৩০), জহুরুল (২২), মনদ্দি (৭০), আন উদ্দিন (৪৫), আছর ইদ্দিন (৫৪), হামদ্দি (৪৫), সেকেন্দার (৩৫), আশরাফুল (২৪), রফিকুল (২৫), আবদুল মান্নান (২৬), মিন্টু (২৮), মজিবর (৪৫) ও ময়েজউদ্দিন (৪৩) ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সদর উপজেলার সুভারকুটি গ্রামে আব্দুর রাজ্জাক ও তাজুলসহ একটি গ্র"প মৎস্য বিভাগ থেকে লিজ নিয়ে 'এসিল্যান্ডের ছড়া' নামে ওই বিলে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু বিলের জমির মালিকানা দাবি করে ময়েজ উদ্দিনসহ আরও কয়েকজনের অপর একটি পক্ষ। এই নিয়ে দীর্ঘদিন ধরে এ দু'পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
তিনি বলেন, এ জমির দখল নিয়ে শনিবার সকালে দু'গ্র"পের সংঘর্ষ হয়। এ সময় গ্রামের নবীয়ত, জেদ্দার, আলী হোসেন, শরমত, বাদল ও দেলোয়ারের বাড়ি ভাংচুর করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কুড়িগ্রামের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24