বাগেরহাট, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় শনিবার বাগেরহাট সদর থানা পুলিশের এক উপ-পরিদর্শক ও তিন কনস্টেবলকে শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন, কনস্টেবল দেলোয়ার হোসেন, একরামূল শেখ ও শাহদাৎ হোসেন।
বাগেরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আওলাদ আলী ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বাগেরহাট সদর থানার চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পালিয়ে যাওয়া মনু শেখকে আটক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত ঘটনা সম্পর্কে সাংবাদিকদের কোন তথ্য দিতে রাজি হননি।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, ১৮ জুন রাতে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মগরা বাজার থেকে একটি পাঁচশ' ও দুটি একশ' টাকার জাল নোটসহ শহরের সাধনার মোড়ের মনু শেখ (৪২) ও যশোরের ঈদগাহ এলাকার কালাম শেখ (৩৪) স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে। পরে তাদের মারধর করে পুলিশে দেয়।
ওই দিন রাতে পুলিশ আটককৃতদের চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। তখন মনু শেখ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.
bdnews24