ব্রাক্ষণবাড়িয়া, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখাউড়ায় রেল লাইনে বোমা বিস্ফোরণের একদিন পরই ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ৪০টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে উত্তর মৌড়াইল কবরস্থান থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া।
তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি সাংবাদিকদের বলেন, "ভোর সাড়ে ৪টার দিকে মৌড়াইল কবরস্থান থেকে বোমাগুলো উদ্ধারের পর সেগুলো সদর থানায় এনে বালতিতে ভিজিয়ে রাখা হয়েছে।"
কোনও সংঘবদ্ধ চক্র নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রেখেছিল বলে ওসির ধারণা।
এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শুক্রবার আখাউড়ার দুর্গাপুর রেলক্রসিংয়ে দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। সেখান থেকে আরও দুটি অবিস্ফোরিত বোমাও উদ্ধার করা হয়।
কিছুদিন আগে জেলা শহরের ইদগাহ মাঠ থেকে ৯টি বোমা উদ্ধার করা হয়েছে।
কয়েকদিনের ব্যবধানে এত বোমা উদ্ধারের ঘটনায় শহরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪২৫ ঘ.
bdnews24