রংপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার চেহলাম শুক্রবার তার জন্মস্থান রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুরে অনুষ্ঠিত হয়েছে।
ভোর থেকে মরহুমের বাড়িতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অুনষ্ঠিত হয়। এতে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের হাজার হাজার মনুষ শরিক হয়।
সকাল পৌনে ৮ টায় বাড়ির সামনে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এরপর পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।
চেহলামে যারা শরিক হয়েছেন তাদের মধ্যে রয়েছেন নৌপরিবহন মন্ত্রী আফসারুল আমীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাংসদ শেখ হেলাল, স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক দানু, যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন, সিটি মেয়র এবি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে সালেহিন চৌধুরী।
রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহাম্মেদ, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রাজু, ওয়াজেদ মিয়ার ভাতিজা শাহাদত হোসেন বকুল, প্রকৌশলী সাঈদ রেজা শান্তসহ পরিবারের সদস্যরা চেহলামের সার্বিক দিক তদারক করেন।
চেহলাম উপলক্ষে ফতেপুরের বাড়িসহ লালদিঘি হাইস্কুল ও বায়েজিদপুর স্কুল মাঠে বিশাল প্যান্ডেল বানিয়ে খাবার পরিবেশন করা হয়।
পঞ্চাশ হাজারেরও বেশি লোককে খাবার দেওয়া হয় চট্রগ্রাম সিটি মেয়র মহিউদ্দিনের উদ্যেগে।
চেহলামের খাবার তৈরি করে বাবুর্চি ও কসাইসহ চার শতাধিক সেচ্ছাসেবী। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৮০ বাবুর্চিসহ ৮০ জন কসাই আনা হয় বলে ওয়াজেদ মিয়ার ভাতিজা সাঈদ রেজা জানান।
সকাল থেকে বিকেল পর্যন্ত সানকিতে করে তিনটি স্থানে খাবার পরিবেশন করা হয়। সব কিছুই অনুষ্ঠিত হয় অত্যন্ত সুশৃঙ্খলভাবে।
ওয়াজেদ মিয়া গত ৯ মে ঢাকায় মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমআই/টিআর/১৯০০ ঘ.
bdnews24