২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় শিশুর মৃত্যুতে মীরপুরে ভাংচুর, অবরোধ

রাজধানীর মীরপুরে বিআরটিসির বাস চাপায় একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক গাড়ি ভাঙচুর চালিয়েছে স্থানীয় অধিবাসীরা। নিহত শিশুটির নাম নবীন (৮)। সে স্থানীয় মনিপুর বিবিপি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মীরপুরে বিআরটিসির বাস চাপায় একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক গাড়ি ভাঙচুর চালিয়েছে স্থানীয় অধিবাসীরা। নিহত শিশুটির নাম নবীন (৮)। সে স্থানীয় মনিপুর বিবিপি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। মীরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ১০ নম্বর গোলচক্কর ও কাজীপাড়ার মাঝামাঝি আল হেলাল হাসপাতালের কাছে বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো ব ১১-১৪৬৮) চাপায় ৮/১০ বছরের শিশুটির মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা অন্তত ১৫/২০টি গাড়ি ভাঙচুর করে। তারা কিছুক্ষণ রাস্তা অবরোধ করেও রাখে বলে ওসি জানান। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ ফটো সাংবাদিক নাসিরুল ইসলাম জানান, পৌনে ৯টার দিকে নবীন তাদের পূর্ব মনিপুরের বাসা থেকে আল হেলাল হাসপাতালে যাচ্ছিল। তার মা মর্জিনা বেগম ওই হাসপাতালের কর্মচারী। কাজীপাড়া সোনালী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বিআরটিসি বাস নবীনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফটো সাংবাদিক নাসিরুল বলেন, এ ঘটনায় উত্তেজিত জনতা বিআরটিসির চারটি ভলভো বাসসহ অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর করে। তারা রাত ১০টা পর্যন্ত রোকেয়া সরণি অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। নিহত নবীনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৩৪ঘ.