২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ ছাত্র লাঞ্ছনার জেরে কুড়িগ্রামে সড়ক অবরোধ-ভাঙচুর

কুড়িগ্রাম সরকারি কলেজ এক ছাত্রকে লাঞ্ছিত করার জের ধরে কলেজের বিক্ষুদ্ধ ছাত্ররা মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করে। এ সময় তারা একটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

কুড়িগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রাম সরকারি কলেজ এক ছাত্রকে লাঞ্ছিত করার জের ধরে কলেজের বিক্ষুদ্ধ ছাত্ররা মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করে। এ সময় তারা একটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করে। এ সময় কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী রুটে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং কলেজ কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় দায়ীদের বিচারের প্রতিশ্র"তি দেওয়ায় পর দুপুরে ছাত্ররা অবরোধ তুলে নেয়। ছাত্রদের বরাত দিয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম সারকারি কলেজের ইংরেজি (সম্মান) ১ম বর্ষের ছাত্র শাহজামাল মিনিবাসে চড়ে মিনাবাজার থেকে কুড়িগ্রাম আসছিলেন। ছাত্র হিসেবে শাহজামাল অর্ধেক ভাড়া দিতে চাইলে বাসের কন্ডাক্টরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বাসের ভাড়া আদায়কারী ও চালকের সহকারী তাকে লাঞ্ছিত করে। এক পর্যায়ে কুড়িগ্রাম জজ কোর্ট মোড়ে শাহজামালকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয় এবং তার এক বস্তা চালসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। ওসি বলেন, এ খবর কলেজে পৌঁছলে কয়েক শ' বিক্ষুদ্ধ ছাত্র কলেজের প্রধান গেটের সামনে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা একটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করে। হুমায়ুন কবীর আরও বলেন, "পুলিশ, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং কলেজ কর্তৃপক্ষের মধ্যে এক আলোচনায় ৫ দিনের মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে ১২টার দিকে ছাত্ররা অবরোধ তুলে নেয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৮ ঘ.