২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা জট কমাতে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণের চিন্তা-ভাবনা

উচ্চ এবং নিম্ন আদালতে মামলা জট কমাতে মামলা ও আদালত ব্যবস্থাপনা বিষয়ে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণের চিন্তা-ভাবনা করছে সরকার। এর পাশাপাশি বিকল্প বিরোধ নিস্পত্তি বা এডিআর পদ্ধতি চালু করার উদ্যোগও নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ এবং নিম্ন আদালতে মামলা জট কমাতে মামলা ও আদালত ব্যবস্থাপনা বিষয়ে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণের চিন্তা-ভাবনা করছে সরকার। এর পাশাপাশি বিকল্প বিরোধ নিস্পত্তি বা এডিআর পদ্ধতি চালু করার উদ্যোগও নিয়েছে। মঙ্গলবার দুপুরে ইউএনডিপি'র একটি প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে আলোচনার পর আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, "উচ্চ এবং নিম্ন আদালতে প্রচুর মামলার জট রয়েছে। এই জট কমাতে ইউএনডিপি মামলা এবং আদালত ব্যবস্থাপনা বিষয়ে দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণের জন্য সরকারকে প্রস্তাব দিয়েছে। এতে ডিজিটাল পদ্ধতিতে মামলা বিষয়ে সমস্ত তথ্য সংরক্ষণের পাশাপাশি তা মনিটরিং করারও ব্যবস্থা থাকবে। আমরা প্রস্তাবটি খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।" আইনমন্ত্রী জানান, সরকার পাঁচ থেকে দশ বছর মেয়াদে এ প্রকল্প গ্রহণ করতে পারে। তবে তার আগে ঢাকাতে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হতে পারে। তিনি বলেন, "অন্যান্য প্রকল্পের মত এ প্রকল্প শুধু সেমিনার, কনফারেন্স কিংবা ফাইল ওর্য়াকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রতিদিনের কী কী কাজ হয়েছে তা মনিটর করার জন্য একটি অফিসও থাকবে। সেখানে একজন জুডিশিয়াল অফিসারকেও নিয়োগ দেওয়া হবে।" শফিক আহমেদ আরও বলেন, "বিচারপ্রার্থীরা যাতে দ্রুত বিচার পায় এবং আদালতে মামলার জট কমে সে লক্ষ্যে নতুন করে বিকল্প নিরোধ নিষ্পত্তি বা এডিআর চালুরও চিন্তা-ভাবনা করা হচ্ছে।" তিনি বলেন, "অনেক সময় আদালতে কোনো মামলা নিষ্পত্তি হলেও সামাজিকভাবে একটা বিরোধ থেকেই যায়। কিন্তু আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হলে মানসিকভাবে উভয় পক্ষই সন্তুষ্ট থাকে।" নিম্ন আদালতে বিচারক সংকটের কথা উল্লেখ করে আইনমন্ত্রী জানান, বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮৪৫ঘ.