২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইনের বিচার করার পরিকল্পনা নেই: আশরাফ

সদ্য বিদায় নেওয়া সেনাপ্রধান মইন উ আহমেদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কোনও পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তাকে রাষ্ট্রদূত করার বিষয়েও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সাবেক সেনাপ্রধান ভবিষ্যতে কী করবেন, সে সিদ্ধান্ত তার নিজস্ব বলে বলে মনে করেন আশরাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য বিদায় নেওয়া সেনাপ্রধান মইন উ আহমেদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কোনও পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তাকে রাষ্ট্রদূত করার বিষয়েও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সাবেক সেনাপ্রধান ভবিষ্যতে কী করবেন, সে সিদ্ধান্ত তার নিজস্ব বলে বলে মনে করেন আশরাফ। মইন উ আহমেদ সোমবার অবসর নিয়েছেন। তাকে রাষ্ট্রদূত করে বিদেশ পাঠানো হচ্ছে বলে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। আবার বিএনপি নেতা মওদুদ আহমেদসহ বেশ কয়েকজন জরুরি অবস্থার মধ্যে রাজনীতিবিদদের হয়রানির জন্য মইনকে দায়ী করে তার বিচার দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশরাফ বলেন, "সেনাপ্রধানের নির্র্দিষ্ট মেয়াদ শেষ করে মইন উ আহমেদ অবসর নিয়েছেন। ভবিষ্যতে তিনি কী করবেন, তা তিনিই বলতে পারেন। "তার বিচারের বিষয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি। এটা সরকারের চিন্তা-ভাবনার মধ্যেই নেই। রাষ্ট্রদূত করা না করার বিষয়টিও গুঞ্জনের মতোই আছে।" তবে সরকার চাইলে মইন উ আহমেদকে রাষ্ট্রদূত করে পাঠাতে পারে জানিয়ে আশরাফ বলেন, "তাতে কোনও অসুবিধা নেই। যেহেতু তিনি অবসর নিয়েছেন এবং অবসরের পর সেনা কর্মকর্তাদের রাষ্ট্রদূত করার রেওয়াজ আছে তা ভবিষ্যতেও থাকবে।" অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা না করার বিষয়ে নতুন করে কোনও চিন্তভাবনা করা হয়নি।" তবে নির্বাচন কমিশন (ইসি) কে আরও শক্তিশালী করতে হবে জানিয়ে তিনি বলেন, "বর্তমানে যারা আছে তাদের পরিবর্তনের কোনও চিন্তা নেই এখন।" দলের কাউন্সিলের বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, "ইসির সময়সীমার মধ্যে যদি কাউন্সিল করতে না পারি তবে সভাপতিমণ্ডলীর সভায় আলোচনা করে ইসির কাছে সময় বাড়ানোর জন্য আবেদন করবো।" সংসদে বিএনপির না যাওয়ার বিষয়ে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, "আশা করি বিএনপি সংসদে আসবে। যারা নির্বাচিত হয়েছেন তাদের দায়িত্ব সংসদে আসা। এটা উপলব্ধি করে তারা সংসদে যোগ দেবে।" আসনের পাশাপাশি বিএনপি এখন খালেদা জিয়ার বাড়ির কথাও বলছেন কিন্তু এটা ঠিক নয়- মন্তব্য করে আশরাফ বলেন, "ভবিষ্যতে হয়তো আরও বিষয় আসবে। কিন্তু এগুলো সংসদ বর্জনের বিষয় নয়।" আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আশরাফ। তিনি জানান, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজকমভাবে পালন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/এমআই/১৭২৯ ঘ.