সুমন মাহমুদ
প্রধান রাজনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনও মিথ্যা তথ্য না দেওয়ার দাবি করেছেন বিএনপির সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী।
নির্বাচন কমিশনের (ইসি) প্রতি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছেন, মনোনয়নপত্রে দেওয়া আমার তথ্যে মিথ্যা কিছু উল্লেখ থাকলে ইসি তা প্রমাণ করে দেখাক।
সালাউদ্দিন কাদের আরও বলেছেন, 'আইনগত সীমাবদ্ধতা'র কারণে এ বিষয়ে ইসি ও স্পিকারের কিছু করার ক্ষমতা নেই।
মনোনয়নপত্রের হলফনামায় 'মিথ্যা' তথ্য দেওয়ার অভিযোগ এনে ইসি সালাউদ্দিন কাদেরের সংসদ সদস্যপদ খারিজ করার সুপারিশ জানিয়ে স্পিকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
আদালতের নির্দেশনা উপেক্ষা করে মনোনয়পত্রের হলফনামায় 'মিথ্যা' তথ্য দেওয়ার অভিযোগ এনে তাকে নির্বাচনী আইন অনুযায়ী 'সংসদ সদস্য থাকবার অযোগ্য' উল্লেখ করে সুপারিশ করেছে ইসি। এর আগে সংসদ সচিবালয় থেকে বিএনপির এ সাংসদের শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রমাণ সংগ্রহ করে ইসি।
সালাউদ্দিন কাদের চৌধুরী মঙ্গলবার বিকালে সিঙ্গাপুর থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমি হলফনামায় শিক্ষাগত যোগ্যতার স্থানে 'নেই' বলেছি। এটা মিথ্যা হয়ে থাকলে নির্বাচন কমিশন তা প্রমাণ করুক। আমার সার্টিফিকেটগুলো যোগাড় করে দেখাক। তারপর আমি বলতে পারি- কোনটি সত্য, কোনটি মিথ্যা।"
ইসি কর্মকর্তারা বলছেন, সালাহউদ্দিন কাদেরের শিক্ষাগত যোগ্যতার দুই ধরনের তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে সাকা চৌধুরী বলেন, "নির্বাচন কমিশনের কাছে আমি কোনও জীবনবৃত্তান্ত জমা দেইনি। ইসি তা খুব সম্ভবত সংসদ থেকে সংগ্রহ করেছে। আমি যেখানে জীবন বৃত্তান্ত দেইনি, দেওয়ার বিধানও নেই। সেখানে এটাকে ভিত্তি ধরে তারা (ইসি) কিছু করলে আমার কিছু বলার নেই।
"আমার জীবন বৃত্তান্ত দেশের জনগণ জানেন। কিছু পত্র-পত্রিকা তাদের প্রচার বাড়াতে আমার জীবন বৃত্তান্ত প্রায় প্রতিদিনই প্রকাশ কিংবা তৈরি করে মুদ্রণ করে থাকে। সেই আলোকে ইসি জীবনবৃত্তান্ত পেয়ে থাকলে কিছু বলার নেই।"
ইসি কর্মকর্তারা জানান, সংসদ সচিবালয় থেকে বিএনপির এ সাংসদের শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন তারা।
এই সাংসদ নবম সংসদ নির্বাচনে ইসির কাছে হলফনামা করে শিক্ষাগত যোগ্যতা 'নাই' উল্লেখ করলেও জাতীয় সংসদে রক্ষিত জীবনবৃত্তান্তে সম্মানসহ বিএ পাসের তথ্য মিলেছে। তার ম্যাট্রিক পাশ নিয়ে রয়েছে দুই ধরনের তথ্য।
সাকা চৌধুরী বলেন, "মানুষ আমাকে ৩০ বছর ধরে সংসদে পাঠিয়ে যাচ্ছেন। সেখানে আজ আমাকে পুনরায় যোগ্যতা প্রমাণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
"আমি নিজে সংসদের আসনে বসার জন্য ধন্য না হলেও যে আসনেই আমি বসি না কেন, সে আসনই আমার বসার জন্য ধন্য হয়ে থাকে। আমার এলাকার জনগণ বার বার আমাকে সংসদে পাঠিয়ে তা প্রমাণ করেছেন। এজন্য আমি তাদের কাছে ঋণী, অন্য কারও কাছে নয়।''
সালাউদ্দিন কাদের ২৯ ডিসেম্বরের নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বেশ কয়েকবার সাংসদ নির্বাচিত হন।
চিকিৎসার জন্য সোমবার রাতে তিনি সিঙ্গাপুর গিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৭০০ ঘ.
bdnews24