২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ইলিশের রেকর্ড উৎপাদন হয়েছে: লতিফ বিশ্বাস

চলতি অর্থবছরে দেশে রেকর্ড দুই লাখ ৯৮ হাজার ৪৫৮ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে দেশে রেকর্ড দুই লাখ ৯৮ হাজার ৪৫৮ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে মৎস্য অধিদপ্তর আয়োজিত 'জাটকা রক্ষা কর্মসূচির মূল্যায়ন' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। লতিফ বিশ্বাস বলেন, "ইলিশ রক্ষা কার্যক্রমের ফলে গত ছয় বছরে দেশে চার লাখ ৮৩ হাজার মেট্রিক টন অতিরিক্ত ইলিশ উৎপাদন হয়েছে। প্রতি কেজি ২০০ টাকা দরে এ অতিরিক্ত ইলিশের দাম নয় হাজার ৬০০ কোটি টাকা। যার মধ্যে চলতি অর্থবছরেই দেশে ইলিশের উৎপাদন দুই লাখ ৯৮ হাজার ৪৫৮ মেট্রিক টনের রেকর্ড করেছে।" তিনি জানান, সরকার টেকসইভাবে মৎস্যজীবীদের পুনর্বাসনে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। বর্তমানে বিদ্যমান চারটি অভয়াশ্রমের সাথে শরীয়তপুরের পদ্মা নদীর নিম্নাঞ্চলে ২০ কিলোমিটার এলাকা নিয়ে আরেকটি অভয়াশ্রম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ইলিশের উৎপাদন আরও বাড়বে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরীক্ষিৎ দত্ত চৌধুরীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশের ২০ জেলার ৯১ টি উপজেলায় জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নৌবাহিনী এ বছর তিন হাজার ৩৪০টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে জেলেদের কাছ থেকে ২২৮ মেট্রিক টন জাটকা এবং ৮০৩ লাখ মিটার জাল আটক করা হয়। নৌবাহিনীর পক্ষ থেকে মূল্যায়ন সভায় বলা হয়, অবৈধ কারেন্ট জাল ব্যবহারের ফলে ইলিশ মাছ ধ্বংসের পাশাপাশি অন্যান্য ছোট মাছও ধ্বংস হচ্ছে। এর ফলে নদীগুলো মাছ-শূন্য হয়ে পড়ছে। কারেন্ট জালের তন্তুর উপর উচ্চ হারে করারোপ করার জন্যও কর্মশালায় কোস্টগার্ডের পক্ষ থেকে সুপারিশ করা হয়। কর্মশালায় জাটকা রক্ষা এবং সমুদ্রে ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে পাশ্ববর্তী দেশগুলোর সঙ্গে যৌথভাবে কর্মসূচি পালনেরও সুপারিশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/২১৩০ ঘ.