চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার করা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আব্দুল মবিনকে চারদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতে মবিনকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি চান।
হাকিম মোস্তফা কামাল চারদিনের অনুমতি দেন।
রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের খড়গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে পুলিশ মবিনকে গ্রেপ্তার করে।
তার কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি শাটার গান, পাঁচ রাউন্ড গুলি, চারটি হাদিসের বই এবং তিন হাজার ৭'শ টাকা।
তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়ার ২২ দিন আগে মবিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিতে যোগ দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
তিনি জানান, মবিন র্যাবের তালিকাভুক্ত জেএমবি ক্যাডার শাহাদাতের ভায়রা। শাহাদাতই তাকে জেএমবিতে যোগ দিতে বলেন। তার কাছ থেকে জব্দ করা অস্ত্রটিও শাহাদাতের দেওয়া বলে মবিন স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24