সুনামগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনে এখন পর্যন্ত ১৫টির ভোটকেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে এগিয়ে আছেন মহাজোট প্রার্থী মতিউর রহমান।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৮৩৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০৫টি।
গত ১৭ এপ্রিল মহাজোটের সাংসদ জাতীয় পার্টির নেত্রী মমতাজ ইকবালের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
রিটার্নিং কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান জানান, ১৫টি কেন্দ্রে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মতিউর রহমান (নৌকা) পেয়েছেন ১১ হাাজর ১৬৮ ভোট। চারদলীয় জোটের ফজলুল হক আছপিয়া (ধানের শীষ) পেয়েছেন পাঁচ হাজার ৫৭৬ এবং ন্যাশনাল পিপলস পার্টির কৃষক মো. সাদেক (আম) ৪০ ভোট পেয়েছে।
তিনি জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে। তবে ভোট গ্রহণের সময় অনিয়মের অভিযোগে দুপুরে জেলা শহরের পিটিআই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়েরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টার দিকে একজন ভোটার আবুল খায়েরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে এর সত্যতা পাওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে অন্য একজনকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৮৫৮ ঘ.
bdnews24