২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ডেপুটি স্পিকারের আখতার হামিদের জামিন শুনানি আবার পেছালো

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি নেতা আখতার হামিদ সিদ্দিকীর জামিন আবেদনের শুনানি ফের পিছিয়ে গেল। এর আগে গত বুধবার (১০ জুন) শুনানির তারিখ পিছিয়ে রোববার ধার্য করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

নওগাঁ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি নেতা আখতার হামিদ সিদ্দিকীর জামিন আবেদনের শুনানি ফের পিছিয়ে গেল। এর আগে গত বুধবার (১০ জুন) শুনানির তারিখ পিছিয়ে রোববার ধার্য করা হয়েছিল। রোববার নওগাঁর জেলা ও দায়রা জজ মো. হাবিবুর রহমানের আদালতে সরকারি আইনজীবীর সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আগামী বুধবার (১৭ জুন) শুনানির পরবর্তী দিন ধার্য করেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ফকিরকে বাসায় ডেকে হুমকি ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে ওসি নিজে বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলাটি করেন। আখতার হামিদ সিদ্দিকীর আইনজীবী অ্যাডভোকেট এজেডএম রফিকুল আলম অভিযোগ করেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে সাবেক ডেপুটি স্পিকারকে কারাগারে রাখার জন্য রাষ্ট্রপক্ষ আদালতে সময় প্রার্থনা করেছে। এর আগে সোমবার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা ২টি প্রতারণা ও ১টি অপহরণ মামলায় একই আদালত তার জামিন মঞ্জুর করেন। বিশেষ ক্ষমতা আইনে তার আটকাদেশ ইতোমধ্যে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বর্তমান শুধু এই রাষ্ট্রদ্রোহ মামলায়ই তিনি আটক আছেন। গত ২১ মার্চ বিকেলে মহাদেবপুর থানার ওসিকে বাসায় ডেকে হুমকি দেওয়া ও রাষ্ট্রদ্রোহী বক্তব্য প্রদানের অভিযোগে ডিবি পুলিশ আখতার হামিদ সিদ্দিকীকে তার মহাদেবপুরের বাসভবন থেকে গ্রেপ্তার করে। একই রাতে তাকে বিশেষ ক্ষমতা আইনে একমাসের আটকাদেশ দিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। এ ছাড়া মহাদেবপুর উপজেলার বাগডোব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন ও সাবেক ডেপুটি স্পিকারের দেহরক্ষী মো. জুলফিকার আলী ২টি প্রতারনা মামলা এবং বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের মহাদেবপুর থানা শাখার আহবায়ক আশেক এলাহী বাদী হয়ে চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৮ ঘ.