সুনামগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের উপনির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ভোটগ্রহণ হবেসোমবার।
১৭ এপ্রিল জাতীয় পার্টির সাংসদ মমতাজ ইকবালের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থী হলেন- ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী মতিউর রহমান, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট প্রার্থী ফজলুল হক আছপিয়া, ন্যাশনাল পিপলস্ পার্টির কৃষক মো. সাদেক।
জেলা নির্বাচনী কর্মকর্তা ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পাঠানোর কাজ চলছে। ভোটগ্রহণের জন্য এক হাজার ৫০৯ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
তিনি জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মিলিয়ে মোট ২৪ জন নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ ছাড়া র্যাব, পুলিশ ও আমর্ড পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ দলও থাকবে। প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, এ আসনে মোট ভোটার দুই লাখ ৩০ হাজার ৮৩৫ জন। ভোট কেন্দ্র ১০৫ টি। ভোট কক্ষের সংখ্যা ৪৬৮টি। এর মধ্যে চারটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24