২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি-দাওয়া নিয়ে অর্থমন্ত্রীর কাছে গেলেন সচিবালয়ের কর্মচারীরা

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যকার বেতনের অনুপাত ১ : ৬ নির্ধারণসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেছেন সচিবালয়ের কর্মচারীদের একটি প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 12:04 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যকার বেতনের অনুপাত ১ : ৬ নির্ধারণসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেছেন সচিবালয়ের কর্মচারীদের একটি প্রতিনিধি দল। সচিবালয়য় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি আরজ আলী, কার্যকরি সভাপতি নিজামুল ইসলাম ভূঁইয়া ও মহাসচিব রুহুল আমিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি অর্থমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক প্রসঙ্গে আরজ আলী ও নিজামুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের জানান, ঘোষিত জাতীয় পে-কমিশনে কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ৪৫ হাজার টাকা এবং কর্মচারীদের জন্য চার হাজার টাকা বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে বেতনের অনুপাত দাঁড়ায় ১ : ১১.২৫। তারা জানান, বর্তমান পে-স্কেলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বোচ্চ ২৩ হাজার ও সর্বনিম্ন দুই হাজার ৪০০ টাকা রয়েছে। এতে বেতনের অনুপাত ১ : ১০-এর মধ্যে। যা অত্যন্ত বৈষম্যমূলক। তারা আরও জানান, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঘোষিত পে-কমিশনে কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের অনুপাত কমিয়ে ১ : ৬ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে কর্মকর্তারা সর্বোচ্চ ৪৫ হাজার টাকা পাবেন, আর কর্মচারীরা পাবেন সাত হাজার ৫০০ টাকা। এ প্রস্তাবের পক্ষে মন্ত্রীকে যুক্তি উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী এ বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন। তবে এ ব্যাপারে অর্থমন্ত্রী সাংবাদিকদের কোনও কথা বলেননি। কর্মচারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- কর্মচারীদের জন্য রেশনের ব্যবস্থা, সচিবালয় ভাতা, সরকারি কর্মচারীদের পেনশনের হার ৮০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ, গ্রাচুইটির হার ২০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা, ১৫ শতাংশ হারে সাধারণ প্রভিডেন্ট (জিপি) ফান্ডের মুনাফা দেওয়া, পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের পদোন্নতি দেওয়া, জোট সরকারের সময় চাকরিচ্যুতদের পুনর্বহাল ও জনতার মঞ্চের ঘটনায় অভিযুক্তদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৮০০ ঘ.