রাজশাহী, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কে শনিবার রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুঠিয়া উপজেলা চেয়ারম্যানসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
নিহতরা হলেন- বাসযাত্রী উপজেলা চেয়ারম্যান আবু আমিন মো. ওয়ায়েজুল ইসলাম বাচ্চু (৫৫), রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন (৪৫), চাঁপাইনবাবগঞ্জ কালিয়া এলাকার পান্না খাতুন (৩৩) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকার মাসুদ (৩৫), বাসের সুপারভাইজার গাইবান্ধার সাদুল্লাপুরের হামিদুল হক (৩০) এবং ট্রাকচালকের সহকারী চাপাইনবাবগঞ্জের ঘোড়াপাতিয়া এলাকার জুয়েল রানা (২০)।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সোয়া একটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনবাগ এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে নাটোরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।"
ঘটনাস্থলেই উপজেলা চেয়ারম্যান বাচ্চু, বাসের সুপারভাইজার ও ট্রাকচালকের সহকারী মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিন বাসযাত্রী।
লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহতদের মধ্যে ১৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রাজশাহীর রাজারহাতা এলাকার এন্তাজ আলী (৩২), ফরহাদ (২২), গোদাগাড়ী আসাদুল (৫৫), তালাইমারীর শাহানারা (৫৫), সাহাবুল (৪৫), বসন্তপুরের মমিনুল (২৭), নতুন বিলশিমলার রফিকুল (৩৫), রানা (১৮), নজরুল (৩০), রুবেল (৩৫), শিল্পী (২৫), শাহানাজ (২৮), হাবিবুর (২৫), পুঠিয়ার ফাহাদ আলী (২২), গোদাগাড়ী অড়ানীর সাজেদুল ইসলাম (৫৪), চাপাইনবাবগঞ্জ আরামবাগের অ্যাডভোকেট রাব্বী (৪০), ফরিদপুরের নুরুল ইসলাম (২৫)।
আহত ট্রাকচালক জাহাঙ্গীরকে নাটোর হাসপাতালে এবং অন্যদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুঠিয়ায় চিকিৎসাধীন আহতদের পরিচয় পাওয়া যায়নি।
ওসি জানান, পুলিশ বাস এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে বাসের সুপারভাইজারের ভাই হাফিজুর বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা করেছেন।
উপজেলা চেয়ারম্যান বাচ্চুর মৃত্যুর খবর শুনে সকালে রাজশাহী জেলা প্রশাসক শেফাউল করিম, পুলিশ সুপার মাসুম রাব্বানী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার বাড়ি যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিকেল সোয়া ৫টায় পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। বাদ মাগরিব নন্দনপুর হাইস্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফনের কথা রয়েছে।
২০০৯ সালে ওয়ায়েজুল ইসলাম বাচ্চু বিএনপির সমর্থন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে ১৯৯২ সাল থেকে টানা ১৫ বছর ভালুকগার্ছি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি।
এছাড়া তিনি রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতিও ছিলেন।
বাচ্চু স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে রাজশাহীর মেয়র লিটন, সাংসদ আব্দুল ওয়াদুদ দারা, বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, আজিজুর রহমান, জাতীয় পার্টি নেতা এনামুল হকসহ স্থানীয় বিএনপি-আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। তারা বাচ্চুর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24