২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো আয়লায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এগিয়ে আসতে সরকারের আহ্বান

সরকার প্রথমবারের মতো ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য উন্নয়ন-সহযোগী দেশ, সংস্থা ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতি আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার প্রথমবারের মতো ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য উন্নয়ন-সহযোগী দেশ, সংস্থা ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতি আহ্বান জানিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক তার মন্ত্রণালয়ে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে দেশি ও বিদেশি উন্নয়ন সহযোগী এবং এনজিওগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। খাদ্য সচিব মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইউএসএআইডি, মুসলিম এইড, ডব্লিউএফপি, আইডিবি, ব্র্যাক ও কারিতাসসহ বাংলাদেশে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, সরকার নিজস্ব সম্পদ ব্যবহার করে আয়লায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। এভাবে পরিস্থিতির প্রাথমিক পর্যায় কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনর জন্য উন্নয়ন-সহযোগী ও এনজিওগুলোকে এগিয়ে আসতে হবে বলে তিনি জানান। দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুর্যোগে এনজিওগুলো ব্যাপকভাবে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়েছে। এজন্য তারা অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি পুনর্বাসন কার্যক্রমে এগিয়ে আসার জন্য এনজিওগুলোর প্রতি আহ্বান জানান। সভায় আয়লা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এনজিওগুলোর নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে মন্ত্রীকে জানানো হয়। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং এনজিওগুলোর পরবর্তী কার্যক্রমে কোন কোন বিষয়ের ওপর অগ্রাধিকার দিতে হবে সে ব্যাপারে দিক-নির্দেশনা দেন। অগ্রাধিকারমূলক বিষয়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য গৃহ-নির্মাণ ও তাদের নিজ নিজ পেশায় ফিরিয়ে আনার ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত এলাকা বিশেষ করে চরাঞ্চলে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, উপকূলীয় এলাকার লবনাক্ততা দূর করার ব্যবস্থাসহ পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন রয়েছে। সভায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এনজিওগুলোর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো ও সংশ্লিষ্ট জেলা প্রশাসককে (ডিসি) অবহিত করার জন্য এনজিও বিষয়ক ব্যুরোকে দায়িত্ব দেয়া হয়। জেলা প্রশাসকরা এনজিওগুলোর কার্যক্রম সমন্বয় করবেন বলে সভায় জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৭২৫ ঘ.