২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ২৮টি সরকারি বাড়ি উদ্ধারের উদ্যোগ

চারদলীয় জোট সরকারের সময় নিয়ম বহির্ভূতভাবে নামে-বেনামে দলীয় প্রভাবশালী ব্যক্তিদের নামে বরাদ্দ ২৮টি সরকারি বাড়ি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 06:08 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারদলীয় জোট সরকারের সময় নিয়ম বহির্ভূতভাবে নামে-বেনামে দলীয় প্রভাবশালী ব্যক্তিদের নামে বরাদ্দ ২৮টি সরকারি বাড়ি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এজন্য আইনি প্রক্রিয়া শুরু করারও উদ্যোগ নেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব গণপূর্ত মন্ত্রণালয় এই প্রক্রিয়া শুরু করবে। এর আগে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফ্র্যাংক মেকে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী বলেন, "গুলশানের ৩৫ নম্বর সড়কের এনডব্লিউ (আই)-৬ নম্বর বাড়িটি জার্মান দূতাবাসের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তারা এখনো বাড়িটি দখলে নিতে পারেনি। এজন্য তিনি বাড়িটি উদ্ধার করে তাদের কাছে হস্তান্তরের অনুরোধ করেন।" সাক্ষাৎকালে আব্দুল মান্নান খান বার্লিনে বাংলাদেশ দূতাবাসের জন্য একটি বাড়ি বরাদ্দ করার ব্যাপারে তার সঙ্গে আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, ওই বাড়িটি গত জোট সরকারের সময় জনৈক ফকির মাহবুব আনামের নামে তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী বরাদ্দ নেন। বাড়িটি বর্তমানে খালি আছে বলে উল্লেখ করে তিনি বলেন, তবে আইনি জটিলতার কারণে বাড়িটি জার্মান দূতাবাসের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। বাড়িটি দেওয়া সম্ভব না হলে তাদের জন্য গুলশানে অন্য একটি বাড়ি বরাদ্দ করা হবে বলে আব্দুল মান্নান খান জানান। তিনি বলেন, তারাও বার্লিনে বাংলাদেশকে একটি বাড়ির ব্যবস্থা করে দেবে। ২৮টি বাড়ি উদ্ধার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আইন ও নিয়ম-নীতি লংঘন করে সরকারি বাড়ি বরাদ্দ নেওয়া ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাদের কাছ থেকে সরকার বাড়িগুলো উদ্ধারে পদক্ষেপ নেবে। বাড়িগুলো উদ্ধারের ওপর সর্বোচ্চ গুরুত্বও দেওয়া হচ্ছে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, "অতীতে অনেক দুর্নীতি ও স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে। কিন্তু এ সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই।" আইনের বাইরে কোনো বাড়ি বা প্লট বরাদ্দের ঘটনা এ সরকারের সময় ঘটবে না বলে তিনি প্রতিশ্র"তি দেন। পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটির ছয় হাজার প্লট বরাদ্দের জন্য এক লাখ ৬৫ হাজার আবেদনপত্র জমা পড়েছে। এতো আবেদনপত্রের মধ্যে ছয় হাজার ব্যক্তিকে বেছে নেওয়া খুবই কঠিন কাজ। তারপরও সরকার অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্লট বরাদ্দের কাজ সম্পন্ন করবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলে মান্নান খান জানান। সরকার যে ২৮ বাড়ি উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি জোট সরকারের সময় পরিত্যক্ত ঘোষণা করে 'দলীয়' লোকদের বরাদ্দ দেওয়া যেসব বাড়ি সরকার উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে রয়েছে হারিছ চৌধুরীর ব্যবহার করা একটি বাড়ি। গুলশানের ৫৩ নম্বর সড়কের এনডব্লিউ (আই)-৬ নম্বর ওই বাড়িটি তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ব্যবহার করলেও তা বরাদ্দ হয়েছিল জনৈক ফকির মাহবুব আনামের নামে। এছাড়াও যেসব বাড়ি উদ্ধার করা হবে, তা হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজের হাসনা আহমেদের (বর্তমানে সাংসদ ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদের স্ত্রী) নামে গুলশান ৩১ নম্বর সড়কের সিডব্লিউএস(বি)-২৮ নম্বর, আবুল কালাম আজাদের নামে গুলশান ১৬ নম্বর সড়কের সিডব্লিউএস(সি)- ৩ নম্বর (বর্তমানে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বসবাস করেন) এবং নূরুন নেওয়াজ সেলিম ও শাহরীন ইসলামের (সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভাগ্নে) বরাদ্দ নেওয়া গুলশান ৫৯ নম্বর সড়কের এনডব্লিউ (ই)- ২০ নম্বর বাসা। শেষ বাসাটিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর নিহত সেনা কর্মকর্তা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের স্ত্রী সালমা খালেদ বসবাস করেন। সামসুদ্দিন আহম্মেদের নামে নেওয়া গুলশান ৮৯ নম্বর সড়কের এনই (কে)- ৬ নম্বর, আব্দুল হালিমের নেওয়া গুলশান ১১২ নম্বর সড়কের সিইএন (জি)- ১৬বি নম্বর, আবুল কালাম আজাদের নামে নেওয়া গুলশান ১১৩ নম্বর সড়কের সিইএস (বি)- ৫ নম্বর, লিয়াকত হোসেনের নামে নেওয়া ধানমন্ডি আবাসিক এলাকার নতুন ২ নম্বর সড়কের নতুন ১৪ নম্বর (পুরাতন ২ নম্বর সড়কের ১২০ নম্বর), পারভীন প্রোপার্টিজের নামে নেওয়া ধানমন্ডি এলাকার নতুন ২ নম্বর সড়কের নতুন ৩০ নম্বর (পুরাতন ২ নম্বর সড়কের ১৩৯ নম্বর), অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস-এর নামে নেওয়া ধানমন্ডি এলাকার নতুন ৬/এ নম্বর সড়কের নতুন ৩৮/এ ও ৩৮/বি নম্বর (পুরাতন ১২ নম্বর সড়কের ৫৪০/এ ও ৫৪০/বি নম্বর) এবং সানজি প্রোপার্টিজের নামে নেওয়া ধানমন্ডি এলাকার নতুন ৭/এ নম্বর সড়কের নতুন ৯২/এ ও ৯২/বি নম্বর (পুরাতন ১৪ নম্বর সড়কের ৭২৩/এ ও ৭২৩ বি নম্বর) এবং এলিফ্যান্ট রোডের ৩৭২ নম্বর বাসা। মুনলাইট ডেভেলপমেন্ট লি:-এর আব্দুর রহমানের নামে নেওয়া ধানমন্ডির কলেজ স্ট্রিটের ১৭ নম্বর, জয়তুন ডেভেলপমেন্ট লি:-এর নামে কলেজ স্ট্রিটের ১৮ নম্বর ও এলিফ্যান্ট রোডের ৩৭১ নম্বর, বারাকা কিডনী হাসপাতালের নামে নেওয়া শান্তিনগর নওরতন কলোনীর ৭/১ নম্বর, ডাচ-বাংলা ব্যাংকের নামে নেওয়া ধানমন্ডি এলাকার ২ নম্বর সড়কের ৭৩ নম্বর (নতুন ১২), চট্টগ্রাম আগ্রবাদের আবুল কাশেমের নামে নেওয়া ধানমন্ডি এলাকার ২৬ নম্বর সড়কের পুরাতন ৩০৭ নম্বর এবং একম ইঞ্জিনিয়ারিং লি:-এর মেহেদী হাসানের নামে নেওয়া ধানমন্ডি এলাকার ২ নম্বর সড়কের ৯২ নম্বর (নতুন ১৪) নম্বর বাসা। কোকাকোলা ফুড প্রোডাক্টস-এ শুক্কুর মিয়ার নামে নেওয়া গুলশান ২৫ নম্বর সড়কের সিডব্লিউএস (বি)- ৬৪ নম্বর, বঙ্গবন্ধু স্টেডিয়ামের নুরু সাফার নামে নেওয়া গুলশান ১২৮ নম্বর সড়কের সিইএস (ই)- ৪ নম্বর, মাহমুদুল হকের নামে নেওয়া গুলশান ৯০ নম্বর সড়কের এনই (ও)- ৪ নম্বর, বায়রা'র নামে নেওয়া নিউ ইস্কাটনের ১৩০ নম্বর, মেটকো এন্টারপ্রাইজের শফিকুর রহমানের নামে বনানী ২৭ নম্বর সড়কের জে/২৮ নম্বর এবং ইফতেখার উদ্দিন আহমেদের নামে গুলশান ৬৬ নম্বর সড়কের এনডব্লিউ(বি)- ১৬ নম্বর বাসা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/টিআর/এসকে/২৩৫৫ঘ.