২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজধানীতে পাতাল রেল স্থাপনে শিগগিরই দরপত্র আহ্বান হচ্ছে'

রাজধানীর যানজট নিরসনে পাতাল রেল (মেট্রো রেল) ব্যবস্থা গড়ে তুলতে শিগগিরই আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে পাতাল রেল সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। এ সময় সড়ক ও রেলপথ বিভাগের সচিব এএসএম আলী কবীর উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 12:56 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে পাতাল রেল (মেট্রো রেল) ব্যবস্থা গড়ে তুলতে শিগগিরই আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে পাতাল রেল সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। এ সময় সড়ক ও রেলপথ বিভাগের সচিব এএসএম আলী কবীর উপস্থিত ছিলেন। যোগাযোগ মন্ত্রী বলেন, "এতদিন পর্যন্ত পাতাল রেলের স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ (বুধবার) মন্ত্রিপরিষদ সচিব ও পরিকল্পনা কমিশনের প্রতিনিধিসহ বৈঠকে এ ব্যাপারে শিগগিরই দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি জানান, এজন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি গঠন করে সাত দিনের মধ্যে তা অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন পেলে কমিটি দরপত্রের শর্ত ও আনুষঙ্গিক প্রক্রিয়া চূড়ান্ত করবে। সে অনুযায়ী দরপত্র আহ্বান করা হবে। সৈয়দ আবুল হোসেন আরও জানান, দরপত্রের সম্ভাব্যতা যাচাইসহ পুরো কাজ সম্পন্ন করার জন্য দর প্রস্তাব আহ্বান করা হবে। নির্মাণ প্রতিষ্ঠান নিজস্ব অর্থেই সম্ভাব্যতা যাচাইসহ পুরো কাজ সম্পন্ন করবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা পাতাল রেল পরিচালনা করে তাদের অর্থ তুলে নেবে। পরে তা সরকারের কাছে হস্তান্তর করবে। পাতাল রেল ও উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেস ওয়ে) একসঙ্গে করলে তা লাভজনক হবে না বলে মত দিয়েছে পরিকল্পনা কমিশন। তা সত্ত্বেও দুটি একসঙ্গে করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী জানান, সরকার দুটিই একসঙ্গে করবে। কারণ, এ দুটি যদি লাভজনক না হয়, তবে বেসরকারি বিনিয়োগকারীরা কেন এটি করতে চায়। লাভজনক হবে বলেই তারা আগ্রহ প্রকাশ করছেন। তাই সরকার দুটিই একসঙ্গে করবে। যোগাযোগ মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক ও রেলপথ বিভাগের সচিব ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ এবং পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/১৯০০ ঘ.