২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএন বাংলার দাবির বৈধতা নেই: রাজউক

রাজধানীর অভিজাত এলাকা গুলশান এভিনিউর ৬৯ নম্বর বাড়িটির মালিকানা নিয়ে এটিএন বাংলার দাবির কোন বৈধতা নেই বলে জানিয়েছে রাজউক। এটিএন বাংলার দাবি, তারা আব্দুর রশিদ খান নামে এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকা দিয়ে বাড়িটি কিনেছেন। যদিও বর্তমানে বাড়িটির দাম ৪০ কোটি টাকারও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 07:13 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর অভিজাত এলাকা গুলশান এভিনিউর ৬৯ নম্বর বাড়িটির মালিকানা নিয়ে এটিএন বাংলার দাবির কোন বৈধতা নেই বলে জানিয়েছে রাজউক। (বিস্তারিত) এটিএন বাংলার দাবি, তারা আব্দুর রশিদ খান নামে এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকা দিয়ে বাড়িটি কিনেছেন। যদিও বর্তমানে বাড়িটির দাম ৪০ কোটি টাকারও বেশি। এ ব্যাপারে রাজউকের মহাখালী কার্যালয়ের সহকারী পরিচালক (এস্টেট-১) মোস্তফা জামিল খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্দুর রশিদ খানের নামে বাড়িটি বরাদ্দ করা হয়নি। তার কাছে ইজারার একটি ভুয়া দলিল রয়েছে।" রাজউকের মহাখালী অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, ভূয়া দলিলের কারণে তাকে একবার পুলিশে ধরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর থেকে আব্দুর রশিদ আর রাজউক অফিসে আসেন না। আব্দুর রশিদ যে দলিল তৈরি করেছেন তাতে পাকিস্তান আমলের স্ট্যাম্প লাগানো হয়েছে বলে উল্লেখ করে তারা বলেন, তবে স্ট্যাম্পটি ঘষে ঘষে পুরনো করার চেষ্টা করা হয়েছে। তবে এটি যে জাল তা যে কেউ একটু ভালো করে দেখলেই টের পাবে। তিনি এর আগেও কয়েকজনের কাছে ওই জমি বিক্রি করতে গিয়েছিলেন বলে তারা অভিযোগ করেন। মোস্তফা জামিল খান বলেন, আবদুর রশিদ খানের ভূয়া দলিলের পজিশন লেটারে বাড়ি নম্বর দেওয়া হয়েছে ১৩/এ। আবার বরাদ্দপত্রে বাড়ির নম্বর দেওয়া হয়েছে ১৩/বি। শুধু তাই নয় আবার মূল দলিলের কোথাও বাড়ি নম্বর ১৩/এ, আবার কোথাও ১৩/বি লেখা রয়েছে। রাজউকের কোন প্লটে এ ধরনের বিভ্রান্তিকর নম্বর থাকে না বলে তিনি জানান। জামিল খান জানান, বাড়ি নম্বর ৬৯ বলা হলেও এটি র্জাউকের নম্বর নয়। এটি সিটি কর্পোরেশনের হোল্ডিং নম্বর। এই হোল্ডিং নম্বরে বাড়িটির রাজউকের প্লট নম্বর ১৩/এ। রাজউকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ১৯৬২ সালে ওই জমি শামসুন্নাহার ফাতেমার নামে বরাদ্দ দেওয়া হয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে আবদুল কাইয়ুম খানের বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আবদুল কাইয়ুম খানের মেয়ে শিরিন আলম চৌধুরী বলেন, ১৯৭০ সালে তার বাবা শামসুন্নাহার ফাতেমার কাছ থেকে ২৭ কাঠা জমি মা মাহবুবা কাইয়ুমের নামে কেনেন। তিনি জানান, "গত বছরের অক্টোবর মাস থেকে কিছু লোক এসে জিজ্ঞেস করতো এ বাড়ি বিক্রি হবে কিনা। আমারা বলতাম, না। বলতো এ বাড়ির মালিক আব্দুর রশিদ খান। তারা তার নামে ভুয়া বরাদ্দপত্রও দেখায়। এরপর আমরা এটি রাজউকে খোঁজ-খবর করি। রাজউক জানায়, আব্দুর রশিদ খান নামে কাউকে এ জমি বরাদ্দ দেওয়া হয়নি।" ৩ জুন রাতে দাড়িওয়ালা পাগড়ী পড়া দু'জন লোক এসে জানান, এটি আব্দুর রশিদ খানের বাড়ি। এটি কেনার জন্য তারা তার সঙ্গে কথাবার্তা বলতে চান। শিরিন আলম জানান, গত বছরের ডিসেম্বরে একবার তারা থানায় সাধারণ ডায়েরি করেন। এ বছরের ৬ জুন আরও একটি সাধারণ ডায়েরি করা হয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। তিনি জানান, তিনি আব্দুল কাইয়ুমের নিকটাত্মীয়। রাতে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। সালমান এফ রাহমান বলেন, "আমরা বলিনি যে এটিএন বাংলার মাহফুজুর রহমান লোক পাঠিয়েছেন। এটিএন বাংলার একটি সাইন বোর্ড দেখছি। তবে বাস্তবতা হচ্ছে লোকজন এসে বাড়িতে হামলা চালিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ তদন্ত করবে।" ১৯৯৫ সালে দান সূত্রে এ জমির মালিক হন শিরিন আলম চৌধুরী। ১৯৯৩ সালে এ জমি থেকে ১১ কাঠা আব্দুল আউয়াল মিন্টুর কাছে বিক্রি করা হয়। মঙ্গলবার মধ্যরাতে এটিএন বাংলার 'লোক' পরিচয় দিয়ে একদল সশস্ত্র ব্যক্তি অভিজাত এলাকার ওই বাড়ি থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল কাইয়ুমকে উচ্ছেদের চেষ্টা চালায়। তবে স্থানীয় লোকজনের প্রতিরোধে তা ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়। বাড়ি দখল চেষ্টার অভিযোগ নাকচ করে দিয়ে এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্দুর রশিদ খানের কাছ থেকে জমিটি মার্চ মাসে কিনেছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। এর প্লট নম্বর সিডব্লিওএস (এ) ১৩। তবে রাজউক প্লট নম্বর পরিবর্তন করেছে।" তিনি জানান, আব্দুর রশিদ বাড়িটি রাজউকের কাছ থেকে ইজারা নিয়েছেন। তবে তিনিও বাড়ির দখল পাননি। মধ্যরাতে বাড়ি দখলের ওই প্রক্রিয়ায় এটিএন বাংলার কেউ জড়িত ছিল না বলে দাবি করে সাইফুল বারী বলেন, "এটিএন বাংলার পক্ষ থেকে ওই বাড়ি দখল করতে কেউ যায়নি। যারা গিয়েছিল তারা এটিএন বাংলার কেউ নয়।" পুলিশের উদ্ধার করা সাইনবোর্ডটিও তাদের নয় বলে দাবি করেন এটিএন বাংলার প্রধান উপদেষ্টা। আব্দুর রশিদের মালিকানার 'প্রমাণ' হিসেবে সাইফুল বারী রাজউককে সার্ভিস চার্জ জমা দেওয়ার রশিদ দেখালেও ইজারা নেওয়ার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। সাইফুল বারীর দেখানো 'দলিল' অনুযায়ী মাহফুজুর রহমান বাড়িসহ এক বিঘা এক কাঠা এক ছটাক আয়তনের জমিটি আব্দুর রশিদ খানের কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকায় কেনেন। তবে বর্তমানে গুলশানে প্রতি কাঠা জমির মূল্য প্রায় ২ কোটি টাকা। বাড়ি দখল চেষ্টার ঘটনায় ওই বাড়ির প্রায় ৪০ বছরের বাসিন্দা আব্দুল কাইয়ুম বুধবার ভোরে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তার মেয়ে শিরীন আলম চৌধুরী একটি মামলা করেন। আব্দুল কাইয়ুম বলেন, "এই বাড়ি আমার। ১৯৭০ সাল থেকে এখানে আছি। এখন এ ধরনের কাণ্ড-কারখানা কিভাবে ঘটছে?" হামলাকারীরা বাড়ির বাসিন্দাদের উৎখাতের পাশাপাশি একটি সাইনবোর্ডও নিয়ে আসে। তাতে লেখা ছিল 'এটিএন বাংলা থ্রিডব্লিউএস (এ) ৬৯ এ প্লটটি কিনেছে এবং তারাই এর মালিক'।" উপনিবেশিক আমলে কর্মজীবন শুরু করে আব্দুল কাইয়ুম বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান হিসেবে অবসর গ্রহণ করেন। তার এক প্রতিবেশী বলেন, "গত ৪০ বছর ধরে তিনি এ বাড়িতে রয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এলএইচ/এমআই/টিআর/২১৫০ ঘ.