বরগুনা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিতরণ করা বিস্কুট খেয়ে এবার বরগুনায় ৩৫২ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে তিনদিনের মধ্যে। প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পুরো জেলা বিস্কুট বিতরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বিস্কুট খাওয়ার পর সদর উপজেলার পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম সাংবাদিকদের বলেন, বিস্কুট খাওয়ার পরপরই তাদের পেটের ব্যথা শুরু হয়। অনেকেই বমি করতে শুরু করে। কেউ কেউ মাথা ঘুরে পড়ে যায়।
তবে শিশুদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে। তবে ৪৮ শিশুকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তির পর স্যালাইন দেওয়া হয়। ২২ শিশু এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ২ জুন খাগড়াছড়ি ও বান্দরবানের কয়েকটি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে ইমার্জেন্সি স্কুল ফিডিং প্রকল্পের আওতায় বিতরণ করা বিস্কুট খেয়ে পাঁচ শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে।
ডব্লিউএফপি'র পার্টনার হিসেবে 'সুশীলন' নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) সিডরের পর থেকে বরগুনা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিস্কুট বিতরণ করে আসছে। এর আগে কখনও এমন হয়নি বলে শিশুরা জানায়।
জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চম শ্রেণীর ছাত্র নয়ন চন্দ্র, চতুর্থ শ্রেণীর ছাত্র খলিলুর রহমান, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ফেরদৌসী আক্তারসহ অসুস্থ শিক্ষার্থীরা জানায়, তাদের যে বিস্কুট খেতে দেওয়া হয়েছিল তা প্রতিদিনের বিস্কুটের মত টাটকা ছিল না।
এ ব্যাপারে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবদুস সালাম জানান, সকালে রোদে খেলাধুলা শেষে খালি পেটে উচ্চ পুষ্টির বিস্কুট খেয়ে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে।
সুশীলনের জেলা প্রকল্প কর্মকর্তা হাসানুজ্জামান সাংবাদিকদের কাছে দাবি করেন, তাদের বিতরণ করা বিস্কুটে কোন সমস্যা নেই।
ডব্লিউএফপি'র অনুমোদনক্রমে যশোরের একটি কোম্পানি থেকে তারা এ উচ্চ প্রোটিন সমৃদ্ধ বিস্কুট কিনে সরবরাহ করে থাকেন বলে তিনি জানান।
জেলা প্রশাসক স্বপন কুমার সরকার জানান, শিশুদের যে বিস্কুট খাওয়ানো হয়েছে তা মেয়াদ উত্তীর্ণ নয়। তিনিসহ অন্য বয়স্করা বিস্কুট খেয়ে দেখেছেন, কেউই অসুস্থ হননি বলে জানান তিনি।
বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বদহজমের কারণে ২/১জন শিশু অসুস্থ হয়ে পড়লেও বাকিরা আতঙ্কে অসুস্থ হয়েছে।
তিনিসহ সদর উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক, ভাইস চেয়ারম্যান রেজবুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির মাইকে ঘোষণা দিয়ে হাসপাতালে উপস্থিত সহস্রাধিক অভিভাবককে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসক স্বপন কুমার সরকারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এক জরুরি সভায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীমের নেতৃত্বে কমিটির অপর সদস্যরা হলেন- সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. ইউনুস আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আমিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি হাসানুর রহমান ঝণ্টু, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজবুল কবির এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আক্তার।
কমিটি আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দেবে।
সভায় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, অভিভাবক, সাংবাদিকসহ বিভন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৩ ঘ.
bdnews24