২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশী হেফাজতে নির্যাতনের অভিযোগ করেছেন পিন্টু

বিডিআর বিদ্রোহের মামলায় আটক সাবেক পুরনো ঢাকার বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু তাকে পুলিশী হেফাজতে অসুবিধাজনক পরিস্থিতিতে রাখার অভিযোগ করেছেন আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 06:01 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিডিআর বিদ্রোহের মামলায় আটক সাবেক পুরনো ঢাকার বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু তাকে পুলিশী হেফাজতে অসুবিধাজনক পরিস্থিতিতে রাখার অভিযোগ করেছেন আদালতে। সোমবার পাঁচ দিনের রিমান্ড শেষে পিন্টুকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্ত সংস্থা সি আই ডি জিজ্ঞাসাবাদের জন্য আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করে। মহানগর হাকিম মোহাম্মদ মুমিনুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিডিআর বিদ্রোহীদের পালিয়ে যেতে সহযোগিতা করার দায়ে অভিযুক্ত সাবেক সাংসদ পিন্টু কাঠগড়ায় দাঁড়িয়ে অভিযোগ করেন, রিমান্ডে নিয়ে তাকে চোখ বেঁধে রাখা হয়েছে। সবসময় হাতে হ্যান্ডকাফ দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। রোববার রাতে একজন ইমামকে দিয়ে তওবা পড়িয়ে কি খেতে ইচ্ছে করে জানতে চাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পিন্টু অভিযোগ করেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে কিভাবে স্বীকারোক্তি আদায় করতে হয় তা আবার রিমান্ডে এনে ক্রসফায়ারে দিয়ে বোঝানো বলে হুমকি দেওয়া হয়েছে তাকে। পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞ মামলায় পিন্টুকে গত ২ জুন গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩৫৬ঘ.