২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে মহাজোট প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মহাজোট প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন বিএনপি প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

সুনামগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মহাজোট প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন বিএনপি প্রার্থী। অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা চেয়ে মতিউর রহমানকে সোমবার চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। জাতীয় পার্টির সাংসদ মমতাজ ইকবালের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। ১৫ জুন আসনটিতে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে। উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাশনাল পিপলস পার্টির কৃষক মো. সাদেক। জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ জানান, রোববার বিএনপি প্রার্থী ফজলুল হক আছপিয়ার নির্বাচনী সমন্বয়কারী ওয়াহিদ আহমদ জেলা নির্বাচন কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, মহাজোট প্রার্থীর সমর্থনে আব্দুল মজিদ ও হুমায়ুন কবির চৌধুরীর নেতৃত্বাধীন সংগঠন নাগরিক উদ্যোগ সুনামগঞ্জ সেতু ও সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের কাজ শেষ করাসহ বেশ কিছু প্রতিশ্র"তি দিয়ে পোস্টার ছেপেছে। বিএনপি প্রার্থী নির্বাচিত হলে তার পক্ষে এলাকার কোন উন্নয়ন সম্ভব নয় বলে পোস্টার, লিফলেটের মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, পোস্টারে চারদলীয় জোট প্রার্থীর চরিত্র হননসহ তার বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.