ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি নিবন্ধনে যাবতীয় ফি ও কর আদায় পদ্ধতি পরিবর্তন করে আগামী ১ সেপ্টেম্বর থেকে একই চালানের মাধ্যমে তা আদায়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, সাধারণ মানুষের হয়রানি ও দুর্ভোগ কমাতে এ পদক্ষেপ নিচ্ছে সরকার।
শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়ের ভূমি নিবন্ধক, উপ-নিবন্ধক এবং কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বিষয়ে তিনি বলেন, "ভূমি নিবন্ধনে সাধারণ মানুষের হয়রানি ও দুর্ভোগ কমাতে সরকার এক চালানের মাধ্যমে এ সংক্রান্ত সব কর ও ফি আদায়ের উদ্যোগ নিয়েছে।"
অর্থমন্ত্রী জানান, এ সংক্রান্ত আইন ও ভূমি নিবন্ধনের বর্তমান পদ্ধতি সংস্কারে কিছু সময়ের প্রয়োজন। তাই সরকার এসব শেষ করে আগামী ১ সেপ্টেম্বর থেকে এ পদ্ধতি চালু করবে।
তিনি বলেন, "এতে সাধারণ মানুষের হয়রানি ও দুর্ভোগ অনেকটাই কমবে। সরকার ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার কথা ভাবছে। এ পদ্ধতি চালু হলে মানুষ নিবন্ধনের ১৫ দিনের মধ্যেই দলিল সংগ্রহ করতে পারবে। এতে অনিয়ম ও দুর্নীতিও অনেকটা কমে আসবে।"
আইন মন্ত্রণালয় আয়োজিত ওই মতবিনিময় সভায় মুহিত ভূমি অফিসে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, "দেশের বর্তমান দেওয়ানী মামলাগুলোর ৭৫ শতাংশই জমি সংক্রান্ত। এসব মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে। আমার দাদার আমলের মামলা আমার শেষ সময়েও শেষ করা সম্ভব হয়নি।"
ভূমি জরিপ অধিদপ্তর বিলুপ্ত করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, "দেশে এই অধিদপ্তরটির কোনো প্রয়োজন নেই। কারণ প্রতি ১০ বছর পর যে জরিপ চালানো হয়, তা করাই হয় মূলত ঘুষের বন্দোবস্ত করার জন্য। জরিপের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু ত্র"টি ও অনিয়ম করে ঘুষ আদায়ের ব্যবস্থা করা হয়। সাধারণ মানুষ ঘুষ দিলে এসব নিষ্পত্তিও হয়।"
সভায় আইনমন্ত্রী শফিক আহমেদ নির্বাহী কাজের পাশাপাশি বিচারিক ক্ষমতা থাকায় ভূমি নিবন্ধন অফিসের কর্তৃত্ব আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে স্থানান্তরের সম্ভাবনা নাকচ করে দেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, "ভূমি নিবন্ধনের অফিসগুলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। তবে এটা করা হবে না। ভূমি নিবন্ধন অফিসগুলো আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে। কারণ ভূমি নিবন্ধক ও উপ-নিবন্ধকরা নির্বাহী কাজের পাশাপাশি বিচারিক দায়িত্বও পালন করেন। তাই এটি আইন মন্ত্রণালয়েই থাকবে।"
ভূমি নিবন্ধক ও উপ-নিবন্ধকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শফিক আহমেদ বলেন, "কোনো চাপের কাছে মাথা নত করে নয়, নীতি ও নৈতিকতার সঙ্গে কাজ করুন। কোনো চাপ আসলে তা আমার কাছে পাঠান।
"আমি নিজেও কোনো অনৈতিক নির্দেশ দিলে তা পালনের প্রয়োজন নেই। সাধারণ মানুষের কল্যাণে সেবার দায়িত্ব পালন করুন।"
সভায় ভূমি নিবন্ধন কার্যালয়ের ২৭৮টি শূন্য পদ অবিলম্বে পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা বলেন, "অনিয়ম ও দুর্নীতি শুধু ভূমি নিবন্ধন অফিসেই নয়, ভূমি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অফিসেও হচ্ছে। ট্যাক্স, খাজনা ও নামজারিসহ নানা কাজের জন্য ভূমি অফিসেও (এসি ল্যান্ড অফিস) এসব হচ্ছে। এসব বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।"
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের ধারণা ভূমি নিবন্ধন অফিস হচ্ছে অনিয়ম ও দুর্নীতির আখড়া। দুর্নীতির এ রাহুগ্রাস থেকে বেরিয়ে আসতে হবে।
প্রশাসনের সব স্তর থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তিনি।
আইন মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিআর) মুন্সি নজরুল ইসলামও বক্তব্য রাখেন।
সভায় এ বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/১৫২৩ ঘ.
bdnews24