২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে গৃহবধূকে দোররা: মৌলবীসহ ১২জনের বিরুদ্ধে মামলা

অন্য ধর্মের এক ব্যক্তির সঙ্গে কথা বলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাসন গ্রামে এক গৃহবধূকে (৩৮) ১০১ ঘা দোররা মারা হয়েছে। গত ৩১ মে গ্রাম্য সালিশে একজন মৌলবীর ফতোয়ায় স্থানীয় মাতব্বররা ওই গৃহবধূকে এ শাস্তি দেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তার স্বামী শ্রীমঙ্গল থানায় ফতোয়া দেওয়া মৌলবীসহ ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

মৌলভীবাজার, জুন ০৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অন্য ধর্মের এক ব্যক্তির সঙ্গে কথা বলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাসন গ্রামে এক গৃহবধূকে (৩৮) ১০১ ঘা দোররা মারা হয়েছে। গত ৩১ মে গ্রাম্য সালিশে একজন মৌলবীর ফতোয়ায় স্থানীয় মাতব্বররা ওই গৃহবধূকে এ শাস্তি দেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তার স্বামী শ্রীমঙ্গল থানায় ফতোয়া দেওয়া মৌলবীসহ ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন। নির্যাতিত গৃহবধূটি বর্তমানে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল মৌলভীবাজার জেলা শাখার মহিলা সম্পাদক রাশেদা বেগমের আশ্রয়ে রয়েছেন। এ দম্পতির চারটি সন্তান রয়েছে। শুক্রবার তার স্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩১ মে রাত সাড়ে ৯টায় গ্রামের তারা মিয়ার বাড়িতে সালিশ বৈঠকে গ্রামের মসজিদের ইমাম মৌলবী নুর উদ্দিনের জারি করা ফতোয়া দেন। গ্রাম্য মাতব্বর শাবান মিয়া তার স্ত্রীকে গ্রামবাসীর সামনে ১০১ ঘা দোররা মারার জন্য হোসেন মিয়া নামে এক ব্যক্তিকে নির্দেশ দেন। পেশায় রিকশা চালক এ ব্যক্তি জানান, ১০/১৫ দিন আগে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়ক দিয়ে রামনগর গ্রামে বোনের বাড়িতে যাওয়ার সময় তার স্ত্রী প্রতিবেশী হরেন্দ্র দেবের ছেলে বিকাশ দেবের সঙ্গে পাওনা টাকা নিয়ে কথা বলেন। বিকাশের সঙ্গে কথা বলতে দেখে তাদের গ্রামের সুরুজ মিয়ার ছেলে আলাউদ্দিন মোবাইল ফোনে মাতব্বরদের জানায়। গ্রামের মাতব্বররা হিন্দু ছেলের সঙ্গে কথা বলায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বলে বলাবলি শুরু করেন। স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিয়ে তারা। তারা শর্ত দেয় যদি স্ত্রীকে রাখতে হয় তাহলে সালিশ বৈঠকে তওবা করতে হবে। কিন্তু সালিশ বৈঠকে তওবা না পড়িয়ে পাশ্ববর্তী চকগাঁও গ্রামের বাসিন্দা শাসন গ্রামের মসজিদের ইমাম মৌলবী নুর উদ্দিন দোররা মারার ফতোয়া দেন। এ ঘটনায় তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং এর মধ্যে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালান বলেও জানান ওই ব্যক্তি। তিনি অভিযোগ করেন, আইনের আশ্রয় নেওয়ায় গ্রাম্য মাতব্বররা তাকে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নেতা রাশেদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহিলাটি তাদের আশ্রয়ে আছেন। তিনি আত্মহত্যা করতে পারেন এ আশঙ্কায় তাকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে।" ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. চেরাগ আলী বলেন, "দোররা মারার বিষয়টি জেনে আমি ওই গ্রামে গিয়েছিলাম। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সত্যতা পেয়েছি। এ ধরনের ঘটনা সত্যি দুঃখজনক।" শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা করার পরপরই আমি পুলিশ নিয়ে শাসন গ্রাম ও আশপাশ এলাকায় সাড়াঁশি অভিযান চালাই। কিন্তু অভিযুক্তরা পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.