২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগের আগাম বার্তা পাবেন গ্রামীণফোন ও টেলিটক গ্রাহকরা

এখন থেকে মোবাইল ফোনে প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা পাবেন কক্সবাজার ও সিরাজগঞ্জ জেলার গ্রামীণফোন ও টেলিটকের গ্রাহকরা। পরবর্তীতে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সারাদেশে এ সুবিধা সম্প্রসারণ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 12:11 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এখন থেকে মোবাইল ফোনে প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা পাবেন কক্সবাজার ও সিরাজগঞ্জ জেলার গ্রামীণফোন ও টেলিটকের গ্রাহকরা। পরবর্তীতে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সারাদেশে এ সুবিধা সম্প্রসারণ করবে। মোবাইল ফোনের কোনো অপশনে যাওয়া ছাড়াই এ দুটি মোবাইল ফোন অপারেটরের গ্রাহকরা ফোনের পর্দায় দুর্যোগ ঝুঁকিহ্রাস বার্তা পাবেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর (ডিএমবি) সঙ্গে গ্রামীণফোন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর তথ্য অনুযায়ী, একটি পাইলট প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে আগামী ছয়মাস ঘূর্ণিঝড়প্রবণ কক্সবাজার এবং বন্যাপ্রবণ সিরাজগঞ্জ জেলার গ্রামীণফোন ও টেলিটকের গ্রাহকদের দুর্যোগ ঝুঁকিহ্রাস বার্তা পাঠানো হবে। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পক্ষে মহাপরিচালক ফরহাদ উদ্দিন, গ্রামীণফোনের পক্ষে চিফ করপোরেট অফিসার রায়হান সামসী এবং টেলিটকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান সমঝোতা স্মারকে সই করেন। আব্দুর রাজ্জাক বলেন, "বর্তমানে প্রত্যন্ত গ্রামেও মোবাইল ফোন ব্যবহার হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে জনগণকে আগাম দুর্যোগ ঝুঁকিহ্রাস বার্তা দিয়ে সচেতন করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ প্রযুক্তি ব্যবহার করে দুর্যোগ ঝুঁকিহ্রাস বার্তা পাঠানোর পদ্ধতি চালু হলে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।" খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান, অতিরিক্ত সচিব আহম্মদ হোসেন খান, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক ফজলুল হক, গ্রামীণফোণের প্রধান নির্বাহী কর্মকর্তা অডভার হেসজেডালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৮১২ ঘ.