ঝিনাইদহ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে 'চরমপন্থী' সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) জনযুদ্ধ গ্র"পের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় একটি এক নলা বিদেশি বন্দুক, তিনটি শাটারগান, ২৪ রাউন্ড গুলি ও আটটি শক্তিশালী বোমা।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর তারিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাবের একটি দল কালীগঞ্জের ভূষণ হাইস্কুলের পাশ থেকে প্রথমে নাজিমকে আটক করে। এরপর সদর উপজেলার নগরবাথান এলাকা থেকে আছমত এবং তেঁতুলতলা থেকে মন্টুকে আটক করা হয়।"
তিনি জানান, আটক করা তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার কাশিমপুর ও তেঁতুলতলা থেকে অস্ত্র, গুলি ও বোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা মেজর তারিক জানান, নাজিম ও আছমতের বিরুদ্ধে অশ্বস্থলী গ্রামের বুড়ো মোল্লা, সুতিদুর্গাপুর গ্রামের এনামুল হক ও মির্জাপুর গ্রামের আব্দুল গণি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এএম/এমএসবি ১৬০৯ ঘ.
bdnews24