২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গ্রেপ্তার ৯৩ বিডিআর সদস্য কারাগারে

বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার কথিত অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ৯৩ সদস্যকে জেলে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

রাজশাহী, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার কথিত অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ৯৩ সদস্যকে জেলে পাঠিয়েছে আদালত। রাজশাহীর মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদলতে বুধবার হাজির করার পর তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে সবাইকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। একই সঙ্গে বিচারক মামলাটি জেলা জজ আদালতে স্থানান্তরেরও আদেশ দেন। শুনানীর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুন। সকাল সাড়ে ১০টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিনটি প্রিজন ভ্যানে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। ১১টার দিকে অন্যদের প্রিজন ভ্যানে রেখে ছয়জনকে এজলাসে হাজির করার পর তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইব্রাহীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছয়জনকে এজলাসে নেওয়া হলেও সবাই আদালতে হাজির আছে বলে ধরে নেওয়া হয়।" ২৫ ফেব্র"য়ারি পিলখানার ঘটনার পরদিন ২৬ ফেব্র"য়ারি রাজশাহীর ৩৭ রাইফেলস ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরের বিডিআর সদস্যরা অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহ ও গোলাগুলি করেন। এ সময় এলাকার এক রিকশাচালক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী বাদী হয়ে ১৭ মে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ৯৩ বিডিআর সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ১৮ মে ৩৭ রাইফেলস ব্যাটালিয়ন থেকে ৬৫ জন এবং সেক্টর সদর দপ্তর থেকে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/১৯৩৪ ঘ.