চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই'র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিনকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম।
ওই ঘটনায় দায়ের অস্ত্র চোরাচালান মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী।
বুধবার শুনানি শেষে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম আবু হান্নান। এর আগে সাহাবুদ্দিনকে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় দু'দফা জিজ্ঞাসাবাদ করা হয়।
সাহাবুদ্দিনকে ২ মে ঢাকায় গ্রিন রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর তাকে প্রথম দফায় ৪ মে চট্টগ্রামে তিনদিনের পুলিশ রিমান্ডে এবং দ্বিতীয় দফা ঢাকায় টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদের জন্য ৭ মে ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়।
১৫ মে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে।
তার জবানবন্দির পরিপ্রেক্ষিতে এনএসআই'র দুই সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আব্দুর রহিম এবং সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
লিয়াকত ও রেজ্জাকুলকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়েছে। আব্দুর রহিম আছেন চট্টগ্রাম কারাগারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৬৪৭ ঘ.
bdnews24