২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টু পাঁচ দিনের রিমান্ডে

বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে বিডিআর বিদ্রোহের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোমিনুল হাসান এ আদেশ দেন। দুপুর ১টায় পিন্টুকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে ১০ দিন রিমান্ডের আবেদন জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 07:53 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে বিডিআর বিদ্রোহের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোমিনুল হাসান এ আদেশ দেন। দুপুর ১টায় পিন্টুকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে ১০ দিন রিমান্ডের আবেদন জানায়। পিন্টুকে মঙ্গলবার বিকেলে হাইকোর্ট মাজারের ফটক থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি'র সিনিয়র পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ বিডিআর ঘটনায় পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহে মদদ দান, বিদ্রোহীদের সমর্থনে মিছিল বের করতে উৎসাহ দান এবং বিদ্রোহী জওয়ানদের পালিয়ে যেতে সহায়তা করেন বলে উল্লেখ করেন। ওই আবেদনে আরও বলা হয়, পিলখানায় বিদ্রোহ ঘটনায় সদর দপ্তরে বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ, মালামাল লুণ্ঠন, সামরিক বাহিনীর কর্মকর্তাদের হত্যা, তাদের গণকবর দেওয়া, অনেকের লাশ স্যুয়ারেজ লাইনে ফেলে দেওয়ার ঘটনায় বিদ্রোহীদের ইন্ধন যুগিয়েছেন পিন্টু। পিন্টুর পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নাল আবেদীন মেসবাহসহ অপর আইনজীবী আদালতে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। পিন্টু গ্রেফতারের আগে মঙ্গলবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি আজিজুল হকের হাইকোর্ট বেঞ্চে একটি রিটের শুনানিতে হাজির হন। পিলখানার ঘটনার তদন্ত প্রতিবেদনে নাম আসায় গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ চেয়ে তিনি ওই রিট আবেদন করেছিলেন। বিকালে রিটটির ওপর হাইকোর্টে শুনানি হয়। আদালত কোনও আদেশ দিতে না চাইলে পিন্টুর আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন আবেদনটি ওই আদালত থেকে ফেরত নিয়ে আসেন। বিডিআরের ঘটনায় গত ২৭ মে প্রকাশিত আনিস-উজ জামান খানের নেতৃত্বে গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে বিডিআর বিদ্রোহীদের পালিয়ে যেতে সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু জড়িত বলে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচসি/এসএম/এমএইচসি/আরএ/১৪০০ ঘ.