চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দার প্রভাবে দেশের তৈরি পোশাক শিল্প হুমকির মুখে পড়েছে বলে দাবি করে একে 'রক্ষায়' সরকারের কাছে ১২ দফা প্রস্তাব দিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী এই প্রস্তাব তুলে ধরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই এ শিল্পকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।
নাসির উদ্দিন বলেন, বিশ্বমন্দার প্রভাবে রপ্তানি হ্রাসের পাশাপাশি চট্টগ্রামে বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে গত চার মাসে ২০টি কারখানা বন্ধ হয়ে গেছে।
গত বছরের তুলনায় চলতি বছর রপ্তানি প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, চলতি বছরের ফেব্র"য়ারি থেকে মে পর্যন্ত চার মাসে গত বছরের তুলনায় ৫৬.৮৪ লাখ ডজন অর্ডার কম এসেছে।
বিজিএমইএ'র প্রস্তাবের মধ্যে রয়েছে পোশাক শিল্পের রপ্তানি মূল্যের ওপর ১০ শতাংশ হারে নগদ সহায়তা অথবা মোট রপ্তানি মূল্যের ৩০ ভাগের ওপর প্রতি ডলারের বিপরীতে ১০ টাকা অতিরিক্ত বিনিময় হার, ব্যাংক ঋণ সুদের হার কমানো, ৩ ও ৫ বছর মেয়াদী ঋণকে ৭ ও ১০ বছর মেয়াদী ঋণে পরিণত করা, ২৭০টি রুগ্ন পোশাক শিল্পকে পুনর্বাসনের ব্যবস্থা করে সার্টিফিকেট মামলা থেকে অব্যাহতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন, বন্দরের বিভিন্ন চার্জ কমানো, অবিলম্বে চট্টগ্রামে র্কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চালু এবং শতভাগ বিদেশি মালিকানাধীন পোশাক কারখানা বন্ধ।
চট্টগ্রাম বন্দর যাতে আগের অবস্থায় ফিরে না যায় সেজন্য সরকারকে সতর্ক থাকার আহবান জানিয়ে নাসির উদ্দিন বলেন, গত দু'বছরে বন্দরের দক্ষতা বাড়ার ফলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি বলেন, এ সুনাম ধরে রেখে পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে হবে।
তৈরি পোশাক খাতে ভবিষ্যতে ২৫ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা আছে বলে উল্লেখ করে সংগঠনের সাবেক প্রথম সহ-সভাপতি মাহবুব আলী বলেন, "এ খাতের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য শিল্পও অনেক দূর এগিয়ে গেছে। আগামী পাঁচ বছর পর পোশাক তৈরির জন্য কাপড়ও আমদানি করতে হবে না বলে আমরা আশা করছি।"
সংবাদ সম্মেলনে সাবেক প্রথম সহ-সভাপতি এমএ সালাম, মইনুদ্দিন আহমদ মিন্টু ও এরশাদ উল্ল্যাহ, পরিচালক এ এম চৌধুরী, কফিলউদ্দিন ইউসুফ এবং ফারহাত আব্বাস উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/টিআর/এসকে/২৩৫১ ঘ.
bdnews24