ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে 'অন্য খেলা' চলছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। একই সঙ্গে তিনি এই 'খেলা' বুঝে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানিয়েছেন। ( বিস্তারিত )
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের সাবেক নেতাদের সংগঠন 'আশির দশকের ছাত্রনেতা' আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
দেলোয়ার বলেন, ''দেশের স্বাধীনতা ও অস্তিত্বের বিরুদ্ধে অন্য খেলা শুরু হয়েছে। এখন নীরব দর্শকের মতো বসে থাকলে চলবে না। সব শ্রেণী ও পেশার মানুষকে এই খেলা বুঝে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। সব জাতীয়তাবাদী শক্তিকে এক হতে হবে।''
'স্বাধীনতা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষিত' শীর্ষক এ গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন এন এন তাপস পাঠান।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার ২৯ ডিসেম্বরের নির্বাচন এমনভাবে করেছিল, যাতে ভারতের স্বার্থ রক্ষাকারী সরকার এ দেশে নির্বাচিত হয়। আওয়ামী লীগ জনগণকে দেওয়া তার প্রতিশ্র"তি রক্ষার বদলে বিদেশী রাষ্ট্রকে দেওয়া অঙ্গীকারই বাস্তবায়ন করছে।
টিপাইমুখে বাঁধ প্রসঙ্গে তিনি বলেন,'' এ বাঁধ নির্মাণ অবশ্যই বন্ধ করতে হবে। এটা দেশের নির্বাচিত সরকারের দায়িত্ব। কারণ এই বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের পরিবেশ ও অস্তিত্ব বিপন্ন হবে। আমাদের অর্থনীতি পরমুখাপেক্ষী হয়ে যাবে। ''
দেশের এ পরিস্থিতিকে 'ভয়াবহ' অভিহিত করে দেলোয়ার বলেন,'' তারা (বিদেশী রাষ্ট্র) আমাদের মানচিত্র মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। এরকম পরিস্থিতিতে জিয়ার মতো নেতার বড়োই প্রয়োজন। জিয়া যেমন দেশকে প্রকৃতভাবেই ভালোবাসতেন, খালেদা জিয়াও তেমনি এ দেশকে ভালোবাসেন।''
জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ''জঙ্গিবাদ নিয়ে আজ যেসব কথা বলা হচ্ছে, তার সবকিছুই নীল নকশার অংশবিশেষ। বিদেশী শক্তি দেশে জঙ্গিবাদের কথা বলে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে ফয়দা লুটতে চায়।''
দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ও জনগণের দুর্ভোগের চিত্রও তুলে ধরেন দেলোয়ার।
সংগঠনের সভাপতি এস এম কামালউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান শফিউল আলম প্রধান, বিডিআর'র সাবেক মহাপরিচালক ফজলুর রহমান, কবি আল মুজাহিদী, প্রয়াত কে এম ওবায়েদুর রহমানের মেয়ে শ্যামা ওবায়েদ, সাবেক ছাত্র নেতা ফেরদৌস আহমেদ, সারোয়ার আজম খান, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএ/১৮১৮ ঘ.
bdnews24