রাজশাহী, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবার ক্যাম্পাসে ভাঙচুর করেছে।
একই দাবিতে তারা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
ক্লাস বর্জন করে বেলা সাড়ে ১১টার দিকে 'ছাত্র উন্নয়ন কমিটি'র ব্যানারে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। তারা ক্লাস রুমের দরজা-জানালা, কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং টায়ার জ্বালিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে।
এসময় পুলিশ ও ছাত্রদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা সাহেব বাজার মোড়ে সমাবেশ করে।
সমাবেশে 'ছাত্র উন্নয়ন কমিটি'র সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, শিক্ষার্থী সাইদ আনোয়ার, শাফিন হোসেন, ফারজানা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা কুমিল্লা সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার নিন্দা ও অবিলম্বে আটককৃতদের মুক্তি দাবি করেন।
এছাড়া সার্ভে ডিপ্লোমাধারীদের অন্য ডিপ্লোমাধারীদের মতো চাকরির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া, সার্ভে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের চাকরির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর একধাপ নিচের বেতনস্কেল প্রদান, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত এবং সার্ভে ইনস্টিটিটিউকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেওয়াসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান।
এ ব্যাপারে রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার জাহিদ সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কিন্তু ভাঙচুরকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের নামে কোন সহিংসতা সহ্য করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৫ ঘ.
bdnews24