২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে: ইইউকে আইনমন্ত্রী

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারে স্বচ্ছতা,নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় থাকবে বলে ইউরোপীয় কমিশনকে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা মে ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারে স্বচ্ছতা,নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় থাকবে বলে ইউরোপীয় কমিশনকে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সোমবার সচিবালয়ে ইউরোপীয় কমিশনের বহিঃসম্পর্ক বিভাগের মহাপরিচালক ডেভিড টিরের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ প্রসঙ্গে ডেভিড টির সাংবাদিকদের বলেন,"যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিচার বাংলাদেশই করবে। বিষয়টি বাংলাদেশের জন্যে খুব গুরুত্বপূর্ণ।" আইনমন্ত্রী জানান, ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, কার্যকর সংসদ, সংসদীয় কমিটি, যুদ্ধাপরাধের বিচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, "আমরা তাদের আশ্বস্ত করেছি এদেশে যুদ্ধাপরাধীদের বিচারে স্বচ্ছতা, নিরপেক্ষতা, এবং আর্ন্তজাতিক গ্রহণযোগ্যতা বজায় থাকবে। এ জন্য দক্ষ, অভিজ্ঞ ও সৎ ব্যক্তিদের নিয়ে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন গঠন করার পদক্ষেপ নেওয়া হয়েছে।" শফিক আহমেদ প্রতিনিধি দলকে বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন যুগোপযোগী করার উদ্যোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"কিছু কৌশলগত বিষয় সংশোধন করতে আইন কমিশনের মতামত চাওয়া হয়েছে।" এসময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও প্রতিনিধি দলের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের ডেস্ক অফিসার জিনোভেজ হারনাভেজ, ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন এবং ফার্স্ট সেক্রেটারি চার্লস হুইটলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২৩২৫ঘ.