খাগড়াছড়ি, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি ও মহালছড়ি উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিতরণ করা বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসা শেষে সোমবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। (আরও তথ্যসহ)
তবে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রাতে বমি ও পাতলা পায়খানা শুরু হওয়ায় তিন শিক্ষার্থীকে আবারও ভর্তি করা হয়।
ডব্লিউএফপি'র সাড়ে তিনমাসের পরীক্ষামূলক প্রকল্প ইমার্জেন্সি স্কুল ফিডিং এর আওতায় বিতরণ করা বিস্কুট খেয়ে সোমবার সকালে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি ও মহালছড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঁচশ'র বেশি ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে লক্ষ্মীছড়িতে ২২০ জন ও মহালছড়িতে ৩৯০ জন চিকিৎসা নিয়েছে।
শিক্ষার্থীরা পেটের ব্যাথা, পাতলা পায়খানা ও মাথা ঘোরানোর সমস্যায় ভুগছিল।
বান্দরবানের লামা উপজেলায়ও একই কর্মসূচির বিস্কুট খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে অনেককেই মঙ্গলবার স্থ্ানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. আবু তাহের জানান, যাদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল তাদের সোমবার সন্ধ্যার আগেই ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছে, ভাল আছে।
সিভিল সার্জন জানান, বিস্কুটগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, লক্ষীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র কামাল হোসেনকে স্যালাইন দেওয়া হচ্ছে।
পাশে বসা কামাল হোসেনের মা হাজেরা বেগম বলেন, রাত ৩টার দিকে বমি ও পাতলা পায়খানা শুরু হয় কামালের। বাড়িতে স্যালাইন তৈরি করে তাকে খাওয়ানো হয়। সকালে আনা হয় হাসপাতালে।
লক্ষ্মীছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, মোট সাতটি স্কুলে ছাত্র-ছাত্রীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ৪২৮ জনকে বিস্কুট খাওয়ানো হয়েছিল। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ে ২২০ জন।
লক্ষীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান জানান, এ হাসপাতালে ৬০ জনকে ভর্তি করা হয়েছিল। বহির্বিভাগে অন্তত তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছিল।
ডব্লিউএফপি পার্বত্য অঞ্চলের দায়িত্বরত কর্মকর্তা রীতা চাকমা জানান, বিতরণকৃত বিস্কুট সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলায় সরবরাহ করা সব বিস্কুট প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সলিমুল্লাহ বলেন, বিষয়টি তাৎক্ষণিক তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হচ্ছে।
মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা জানান, তিনি ১২টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অসুস্থ হওয়ার খবর পেয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ৩৯০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান রুইথি কার্বারী, সদস্য সানুমং মারমা, জেলা সিভিল সার্জন মো. আবু তাহের, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদ তালুকদার, শিশু বিশেষজ্ঞ ডা. রাজেন ত্রিপুরার নেতৃত্বে একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণে মহালছড়িতে যান।
সিভিল সার্জন ডা. মো. আবু তাহের বলেন- বর্তমানে পুরো জেলায় এ সমস্যা নিয়ন্ত্রণে আছে। হাসপাতালগুলোতে আর কোন শিক্ষার্থী চিকিৎসাধীন নেই বলে জেলা র্যাপিড রেসপন্স টিম সজেমিন পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছে।
ডব্লি
bdnews24