ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময়ে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেননি বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার।
ওই দুই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের মধ্যে কমিশন বৈঠকে বসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
রোববার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে ৩১ মের মধ্যে কমিশনে সনদ জমা দেওয়ার জন্যে ওই দুই সাংসদকে ১৩ এপ্রিল চিঠি দেয় ইসি।
রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) একেএম সলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই সাংসদের শিক্ষাগত যোগ্যতার সনদ এখন পর্যন্ত ইসিতে জমা পড়েনি।
নবম সংসদ নির্বাচনের আগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও রুহুল আমিন হাওলাদারের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনেন। গত ১০ ডিসেম্বর আপিল শুনানির সময় এ দু'জন বলেন, যত শীঘ্র সম্ভব কমিশনে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দাখিল করবেন।
নির্বাচনী আইন অনুযায়ী, হলফনামায় কেউ মিথ্যা তথ্য দিলে সংসদ সদস্য হওয়া কিংবা থাকার অযোগ্য বিবেচিত হন জানিয়ে সিইসি বলেছিলেন, "দুই সাংসদ হলফনামায় মিথ্যা তথ্য দিলে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারকে চিঠি পাঠাবো।"
সালাউদ্দিন কাদের চৌধুরী ২৯ ডিসেম্বরের নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে এবং এবিএম রুহুল আমিন হাওলাদার বরিশাল-৬ থেকে নির্বাচিত হয়েছেন।
হলফনামায় সালাউদ্দিন কাদের চৌধুরী 'শিক্ষাগত যোগ্যতা নেই' এবং রুহুল আমীন হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএ (সম্মান) পাস বলে উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এসকে/২৩৫৬ঘ.
bdnews24