চাঁদপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচরে শনিবার দুপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে ।
এরা হল- সাহেদ (৬) ও সাথী (৪)। তাদের বাবা রাজু সরদার ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে একটি বাস কাউন্টারে চাকরি করেন।
শিশু দুটির মা পলি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে খাওয়া শেষে তিনি দুই সন্তানকে না দেখে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির একটি পুকুর থেকে তাদের উদ্ধার করে ছেংগারচর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওবায়েদুর রহমান সবুজ জানান তাদের মৃত্যু হয়েছে।
পলি জানান, সপ্তাহখানেক আগে তিনি ছেলে-মেয়েকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24