এনকাউন্টারের ভয়ে ভারত থেকে পালাই: দাউদ
পুলিশের এনকাউন্টারের ভয়ে ভারত থেকে পালিয়ে এসেছেন বলে দাবি করেছেন মুম্বাইয়ের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের 'সহযোগী' দাউদ মার্চেন্ট। তবে বাংলাদেশ পুলিশ বলছে, দাউদ ইব্রাহিমের সন্ত্রাসী গোষ্ঠীর নেটওয়ার্ক স্থাপনই দাউদ মার্চেন্টের বাংলাদেশে আসার উদ্দেশ্য।
পুলিশের এনকাউন্টারের ভয়ে ভারত থেকে পালিয়ে এসেছেন বলে দাবি করেছেন মুম্বাইয়ের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের 'সহযোগী' দাউদ মার্চেন্ট।
তবে বাংলাদেশ পুলিশ বলছে, দাউদ ইব্রাহিমের সন্ত্রাসী গোষ্ঠীর নেটওয়ার্ক স্থাপনই দাউদ মার্চেন্টের বাংলাদেশে আসার উদ্দেশ্য।
শনিবার আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে গ্রেফতারের কথা স্বীকার করে বাংলাদেশ পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেছে।
দাউদ মার্চেন্ট সাংবাদিকদের বলেন, "অসুস্থ মাকে দেখতে আমি প্যারোলে মুক্তি পাই। কিন্তু মুম্বাই পুলিশ আমাকে এনকাউন্টারে দেওয়ারে পরিকল্পনা করছে, এমন খবর পেয়ে বাংলাদেশে পালিয়ে আসি।"
তিনি বলেন, "গুলশান কুমার হত্যাকাণ্ডে আমি জড়িত নই। আমাকে ফাঁসানো হয়েছে।"
ভারতীয় মিউজিক কোম্পানি টি-সিরিজের মালিক গুলশান কুমার হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।
গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এএসএম শহীদুল হক বলেন, "সন্ত্রাসী দলের নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যেই দাউদ মার্চেন্টের বাংলাদেশে আগমন বলে আমরা ধারণা করছি।"
তিনি বলেন, "দাউদ মার্চেন্টকে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ঝুমুর হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তিনি নিজেকে ভারতীয় নাগরিক সমির শেখ বলে পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদে নিজের আসল পরিচয় স্বীকার করেন।"
ডিএমপি কমিশনার জানান, দাউদ মার্চেন্টের দেওয়া তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইল থেকে কামাল মিয়া এবং পরবর্তীতে রাজধানীর মোহাম্মদপুর থেকে জাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়।
শহীদুল হক বলেন, "তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।"
মঙ্গলবার গ্রেফতারের পর দাউদ মার্চেন্টকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। দাউদকে গ্রেফতারের পর ব্রাহ্মণবাড়িয়ায় তার বাড়িওয়ালা কামাল মিয়া এবং মোহাম্মদপুরের শেখেরটেক থেকে জাহিদকে গ্রেফতার করা হয়। জাহিদ ভারতের নাগরিক বলে পুলিশের সন্দেহ।
