ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় বৃহস্পতিবার গভীর রাতে বরগুনার দক্ষিণ লাকুরতলা গ্রামে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় র্যাবের গুলিতে এক ডাকাত আহত হয়েছেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশন থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: গ্রেপ্তারকৃত দুই ডাকাত হলেন- জাকির হোসেন (৪০) ও আবুল হাসেম (৩০)।
গুলিবিদ্ধ জাকিরকে চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। হাসেমকে সোপর্দ করা হয়েছে পুলিশে। তাদের দুজনের বাড়ি নরসিংদী জেলায়।
র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) কাজী আকরাম হোসেন জানান, ডাকাতদল দক্ষিণ লাকুরতলা গ্রামের জলিল মোল্লার বাড়িতে ডাকাতির জন্য একটি বাগানে অবস্থান নিয়েছিল।
র্যাব সদস্যরা তাদের ঘেরাও করলে তারা পলানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা গুলি ছুড়লে আহত হন জাকির।
বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় র্যাবের ডিএডি কাজী আকরাম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
থানা হেফাজতে আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমতলী উপজেলার নিমতলী গ্রামের সাজাপ্রাপ্ত ডাকাত সদস্য মজিবর রহমান তাদের ডাকাতি করার জন্য এখানে এনেছেন।
মৌলভীবাজার: গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা আক্তার হোসেন (২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আযমপুর গ্রামের রওশন আলীর ছেলে।
র্যাব কর্মকর্তারা জানান, আক্তার হবিগঞ্জ এলাকার শীর্ষ মাদক বিক্রেতা। তিনি সিন্ডিকেটের মাধ্যমে এ রুটের রেলওয়ে ষ্টেশনসহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান, রাত ৮টার দিকে আক্তার হোসেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাটফরমে ব্যাগ ভর্তি ফেনসিডিল নিয়ে বসে ছিলেন। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করে।
শুক্রবার সকালে আক্তারকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০৪ ঘ.
bdnews24