ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় জেলাগুলোতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আয়লায় নিহত ১৪৭ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
প্রাথমিকভাবে এসব পরিবারকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হলেও পর্যায়ক্রমে তাদের সর্বোচ্চ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার তার মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে তিনি মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং সরকারের করণীয় নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী জানান, আয়লায় নিহতদের পরিবারের কাছে সরকারি সহায়তার টাকা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া খাদ্যসহ অন্যান্য সহায়তার জন্য আরো ১০ কোটি টাকা এবং পাঁচ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু সম্পর্কে মন্ত্রণালয় নিশ্চিত হয়েছে। এছাড়া ভোলায় ১০ জন নিখোঁজ রয়েছে। আহতের সংখ্যা ছয় হাজার ৭০৮ জন। ১৫ জেলার ৭৬ উপজেলার ৫৮৭ ইউনিয়নের সাত লাখ ৮৩ হাজার ২৮৬ টি পরিবার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ চলছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, "এ পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্ত পানি উন্নয়ন বোর্ডের ৩২৯ কোটি টাকার ক্ষতির তথ্য পাওয়া গেছে। কৃষিসহ অন্যান্য মন্ত্রণালয়ও ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে। আগামী সোমবার বিকেলে মন্ত্রণালয়ে সমন্বয় সভার মাধ্যমে ক্ষয়ক্ষতির হিসেব চূড়ান্ত করা হবে।"
দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, এখন পর্যন্ত বিভিন্ন দাতা দেশ ও সংস্থার পক্ষ থেকে সাহায্যের আশ্বাস পাওয়া গেছে। ইউএসএআইডি এরই মধ্যে দুর্গত এলাকায় কাজ শুরু করেছে।
এছাড়া বিশ্বব্যাংক, ইউএনডিপিসহ অন্যান্য সংস্থাগুলোও সহায়তার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, "তবে আমরাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি। এজন্য এরই মধ্যে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেব।"
মন্ত্রী জানান, ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো আগামী বর্ষার আগেই সংস্কারের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। প্রকৃত ক্ষতির চিত্র এবং প্রয়োজনীয় অর্থের চাহিদা সম্পর্কে নিশ্চিত হলেই মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া যাবে।
এছাড়া আরো আশ্রয় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও আব্দুর রাজ্জাক জানান।
খাদ্য সচিব মোখলেছুর রহমানসহ মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/টিআর/২১০৩ ঘ.
bdnews24