ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন লাল টেলিফোন এক্সচেঞ্জের উদ্বোধন করেছেন।
শেখ হাসিনা জিল্লুর রহমানকে বলেন, তার সরকার তথ্য-প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চায়। সরকার জনগণের ভাগ্য উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতেও বদ্ধ পরিকর।
সরকার দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে পারবে বলেও রাষ্ট্রপতি এসময় আশা প্রকাশ করেন।
টেলিফোনে কথা বলার সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন।
এসময় টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন রাজু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে পোস্ট গ্রাজুয়েট ডর্ক্টস এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সাক্ষাত করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অধ্যাপক সোহরাব আলী।
সাক্ষাতের পর প্রতিনিধি দলের সদস্যরা জানান, পোস্ট গ্রাজুয়েট ডক্টরস এসোসিয়েশন এম আর সি পি এবং এফ আর সি পি পোস্ট গ্রাজুয়েট শিক্ষা কোর্স চালু করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিআর/১৯০৩ ঘ.
bdnews24