সিরাজগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাচালিয়া এলাকায় সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার বিকেলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- তাড়াশ উপজেলার আনোয়ার (৩০), লেবু (৪৫), নজরুল (৩৬), অ্যাডভোকেট হাবিবুর রহমান তাড়াশী (৫০), সীমা খাতুন (৪), হাবিব (২) ও সাইফুল (৩৫), বাসচালক সিরাজগঞ্জ সদরের রেজা (৪০) ও তার সহকারী বাবু (৩০), সানোয়ার (৩৩), শাজাহান (৪০), শহীদুল (৩৫)।
নিহতদের মধ্যে অধিকাংশই বাসযাত্রী বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীনবন্ধু দাস।
তিনি জানান, বিকেল ৫টার দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে আধ কিলোমিটার পূর্বদিকে পাচালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি যাত্রী নিয়ে সিরাজগঞ্জ থেকে নাটোর যাচ্ছিল। অপরদিকে পোল্ট্রি ফিড নিয়ে ট্রাকটি যাচ্ছিল উল্লাপাড়া থেকে ঢাকা।
ওসি জানান, বাসচালক ও তার সহকারীসহ ১৩ জন ঘটনাস্থলে মারা গেছেন। তিনজন গেছেন সিরাজগঞ্জ সদর হাসপাতালে।
তিনি জানান, আহতদের সবাইকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের জখম গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24