ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার রাতে র্যাবের সঙ্গে কথিত 'গুলি বিনিময়ে' দুই যুবক নিহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে বলে এক র্যাব কর্মকর্তা জানিয়েছেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অব্যাহত দেশি-বিদেশী সমালোচনা ও উদ্বেগের মধ্যে এ ঘটনা ঘটল।
র্যাব-২ এর সহকারি পুলিশ সুপারিনটেনডেন্ট তালেবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত দেড়টায় জানান, র্যাবের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন আসাদগেটে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল। রাত সাড়ে ১২টার দিকে সন্দেহজনক দুই যুবক হেঁটে যাওয়ার সময় র্যাব তাদের থামতে বলে।
কিন্তু তারা উল্টো র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় দাবি করে তালেবুর রহমান বলেন, র্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। গোলাগুলি শেষে র্যাব সেখানে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি রিভলবার এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট জানান।
মোহাম্মদপুর থানা পুলিশ লাশ দু'টি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
স
bdnews24