ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভর্তি সংকট সমাধানে মানসম্মত কলেজগুলোতে অতিরিক্ত শাখা খোলা বা দ্বৈত শিফ্ট চালুসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, "দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী ঝরে পড়া একটি বড় সমস্যা। এ সমস্যার সমাধান করতেই হবে। শিক্ষাকে জীবনমুখী ও আনন্দঘন করে তুলতে হবে।"
বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
নুরুল ইসলাম বলেন, দেশের হাওড়, মঙ্গা ও চরাঞ্চলসহ পিছিয়ে পড়া অঞ্চলের শিক্ষার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সোনালী ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শামসুল হকসহ সব শাখার কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে বোর্ডের কয়েকটি কক্ষ ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএনএস/ডিডি/টিআর/০১২৪ ঘ.
bdnews24