ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কর্মকাণ্ড ও দক্ষতা মূল্যায়নে বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) পদ্ধতির পাশাপাশি কর্মভিত্তিক মূল্যায়ন (পিবিইএস) পদ্ধতি চালু করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এরই মধ্যে নতুন এ পদ্ধতিতে কর্মকাণ্ড মূল্যায়নের জন্য নিজস্ব কর্মকর্তাদের মধ্যে পিবিইএস র্ফম বিতরণ শুরু করেছে।
প্রথম পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা হয়, যা পরে প্রশাসনের সব পর্যায়ে চালু করা হবে বলে বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, জনপ্রশাসনকে আরো কার্যকর, গতিশীল, দক্ষ ও জনমুখী করার জন্য কর্মকর্তাদের কর্মকাণ্ড মূল্যায়নে সরকার প্রচলিত বিধি ও নীতিমালা সংস্কারের উদ্যোগ নিয়েছে। এ সংস্কার কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নতুন পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হয়।
নতুন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের পুরোপুরি ধারণা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের 'সিভিল সার্ভিস চেঞ্জ ম্যানেজমেন্ট প্রোগ্রাম' প্রকল্পের পক্ষ থেকে বুধবার একটি কর্মশালার আয়োজন করা হয়। সচিবালয় গ্রন্থাগারে অনুষ্ঠিত কর্মশালায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা যোগ দেন।
কর্মশালায় সংস্থাপন সচিব ইকবাল মাহমুদসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা নতুন পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/ডিডি/টিআর/০১০৫ ঘ.
bdnews24