ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আয়লায় বিধ্বস্ত ভোলা ও বরগুনার বিভিন্ন চরাঞ্চলে তীব্র খাদ্য ও পানি সংকটের খবর পাওয়া গেছে।
এমন কি, জেলা দু'টির অনেক দুর্গম চরাঞ্চলে বুধবার বিকেল পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি।
গৃহহীন হাজার হাজার মানুষ খাদ্যহীন অবস্থায় খোলা আকাশের নিচে বিভিন্ন বাঁধ ও উঁচু রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। ত্রাণের আশায় এদিক-সেদিক ছোটাছুটি করলেও অধিকাংশ ক্ষতিগ্রস্তের ভাগ্যেই কিছুই জুটছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী দুর্গম চরাঞ্চলের বেশ কয়েকটি এলাকা ঘুরে এসে জানান, জেলার বিভিন্ন চরে খাদ্য ও পানি সংকট তীব্র আকার নিয়েছে।
ক্ষতিগ্রস্ত ভোলা সদর, দৌলতখান, লালমোহন, বোরহানউদ্দিন, চরফ্যাশন ও মনপুরার দুর্গম অনেক চরে বুধবার বিকেল পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছেনি। উপকূলবর্তী ঢালচরে তিনদিন পর বুধবার বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে সামান্য কিছু ত্রাণ দেওয়া হয়েছে।
দৌলতখান উপজেলার দক্ষিণ সৈয়দপুর বেড়িবাঁধের পাশে আশ্রয় নেওয়া এক হাজারেরও বেশি মানুষের খোঁজ নেয়নি কেউ। অন্য এলাকা থেকে চেয়ে আনা ভাতের মার আর পানি খেয়ে দিন কাটছে তাদের। ত্রাণের আশায় বিভিন্ন স্থানে ছোটাছুটি করে অধিকাংশেরই ভাগ্যে জুটেছে সর্বোচ্চ আধাকেজি চিড়া। সাগর মোহনার চর কুকরীমুকরী, ঢালচর ও চর পাতিলার মানুষ হয়ে পড়েছে পানিবন্দি। চারদিকে পানি থাকলেও পানযোগ্য বিশুদ্ধ পানির অভাবে আছে তারা।
দক্ষিণ সৈয়দপুর গ্রামের ফজিলত বেগমের ঘর মেঘনার জোয়ারে ভেসে গেছে। ঝড়ের মধ্যে ৪ সন্তান নিয়ে আশ্রয় নিয়েছিলেন পাশের বিদ্যালয় ভবনে। একদিন সেখানে থাকলেও কোন খাদ্য জোটেনি। অভুক্ত সন্তানদের নিয়ে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে দেখেন ঘরের চিহ্ন পর্যন্ত নেই। সব গ্রাস করেছে মেঘনা। সন্তানদের মুখের দিকে তাকিয়ে ছুটে যান পাশের বাড়িতে। কিন্তু সেখানেও কোনো খাদ্য জোটেনি। বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে বুধবার ত্রাণ হিসেবে পান মাত্র আধাকেজি চিড়া। এক বছরের শিশু নয়নকে সেই চিড়া ভেজানো পানি খাওয়াতে দেখা যায় ফজিলত বেগমকে। এ গ্রামের সব পরিবারের অবস্থা প্রায় একই রকম। অনেকের অবস্থা আরো খারাপ। গ্রামের নুরে আলম, হারেছ ও মাহিনুরসহ অনেকের ভাগ্যে তিন দিনেও কোনো ত্রাণ মেলেনি।
চর ফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নের প্রায় ২ হাজার মানুষ পানিবন্দি হয়ে অভুক্ত দিন কাটাচ্ছে। চর ফ্যাশন থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বিচ্ছিন্ন চর পাতিলায় বুধবার পর্যন্ত কোন ত্রাণ পৌঁছেনি। চরের সব ঘর ঝড়ে বিধ্বস্ত হয়েছে। ঝড়ের পর থেকে চরের নলকূপগুলোতে বালি মেশানো পানি ওঠায় বিশুদ্ধ পানিও পাওয়া যাচ্ছে না।
চরফ্যাশনের বিচ্ছিন্ন চর কুকরীমুকরী ও ঢাল চরে প্রায় ২০ হাজার মানুষ খাদ্য ও আশ্রয়হীন দিন কাটাচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব চরে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন চর ফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল।
তিনি জানান, ঝুঁকি নিয়ে মঙ্গলবার রাতে চর কুকরীমুকরীতে ১২ টন ত্রাণের চাল পাঠানো হয়েছে। ঢালচরে বুধবার বিমান বাহিনীর হেলিকাপ্টার থেকে কিছু ত্রাণ পৌঁছানো সম্ভব হয়েছে।
জেলা ত্রাণ কর্মকর্তা এরশাদ আলী জানান, বুধবার পর্যন্ত জেলায় মোট ৭ শ' মেট্রিক টন চাল এবং ২৬ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
তিনি জানান, আয়লার আঘাতে জেলার ৭টি উপজেলার মধ্যে ৬টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ১০ হাজার বাড়িঘর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জানান, জেলার বেশ কয়েকটি চরাঞ্চলে ঘূর্ণিঝড়ের তিনদিন পরও ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। বেশ কয়েকটি চরের মানুষ পানিবন্দি হয়ে অভুক্ত দিন কাটাচ্ছেন।
বুড়িরচর গ্রামের চার শতাধিক পরিবার এখনো পানিতে ডুবে আছে। প্রায় আড়াই হাজার মানুষের ঘরে খাবার নেই। গ্রামের সাড়ে সাত শ' একর জমি পানির নিচে। এ ছাড়া লবণ পানিতে ডুবে যাওয়ায় বোরো ধান পাবারও কোনো সম্ভাবনা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/টিআর/০১০০ ঘ.
bdnews24